মার্কিন সেনা বিদ্যালয়ে পুলিশ সদস্যদের পাঠাবে না কোস্টারিকা
মার্কিন সেনা বিদ্যালয়ে সেদেশের পুলিশ সদস্যদের আর প্রশিক্ষণ নিতে পাঠাবে না কোস্টারিকা। দেশটির প্রেসিডেন্ট অস্কার এরিয়াস বুধবার এ ঘোষণ দেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পোর্ট বেনিনে অবস্থিত ওই সেনা বিদ্যালয়টি থেকে প্রশিক্ষণ পাওয়া সেনারা মানবাধিকার লঙ্ঘনের জন্য নিন্দিত হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।
সানজোসে, কোস্টারিকা, মে ১৭ (নফহবংি২৪.পড়স/জবঁঃবৎং) -
নিন্দিত ওই বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে পরিচিত ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার ইনস্টিটিউট ফর সিকিউরিটি কোঅপারেশন নামে। আগে এর নাম ছিল স্কুল ফর দ্য আমেরিকাস।
মার্কিন ধর্মযাজক রেভারেন্ড রয় বুর্জয়েস এটি বন্ধ করে দেওয়ার জন্য ১৯৯০ সাল থেকে প্রচারণা চালিয়ে আসছেন। সমালোচকদের অভিযোগ, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার ইনস্টিটিউট ফর সিকিউরিটি কোঅপারেশনে সেনারা স্বৈরাচারী, নির্যাতনকারী ও গুপ্ত হত্যাকারী হওয়ার প্রশিক্ষণ পান।
বুধবার বুর্জয়েসের সঙ্গে আলোচনার পর এরিয়াস ওই বিদ্যালয়ে তার দেশের পুলিশ বাহিনীর সদস্যদের আর প্রশিক্ষণ নিতে না পাঠানোর প্রতিশ্র“তি দেন। দেশটিতে সেনাবাহিনী না থাকায় কেবল পুলিশ সদস্যদেরই প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানো হয়। গত কয়েক বছরে কোস্টারিকার প্রায় দুই হাজার ৬০০ পুলিশ ওই মার্কিন বিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
লাতিন আমেরিকার সেনাদের প্রশিক্ষণ দিতে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত সেনাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর ২০০০ সালে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বন্ধ করে দেন। কিন্তু এক বছর পর নতুন নামে ও নতুন পাঠ্যক্রম প্রণয়ন করে এটি আবারও চালু করা হয়। সমালোচকরা বলছেন, এখানে যেসব পরিবর্তন আনা হয়েছে তা কেবলই লোকদেখানো।
ওই বিদ্যালয়টিতে বর্তমানে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই ও দুর্যোগকালীন ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগা, আর্জেন্টিনার লিওপোল্ডো গ্যালতিয়ারি সালভাদরের আত্মঘাতী হামলাকারীদের সংগঠক রবার্তো ডি’অবুইসোন।
ওই বিদ্যালয়টিতে বর্তমানে কোস্টারিকার তিন পুলিশ সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন। এরা ফিরে আসার পর আর কাউকে ওই বিদ্যালয়ে পাঠানো হবে না বলে জানান এরিয়াস।
মধ্য আমেরিকায় গৃহযুদ্ধ বন্ধে অবদান রাখার জন্য ১৯৮৭ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া এরিয়াস তার দেশের পুলিশ সদস্যদের ওই বিদ্যালয় থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন বুর্জয়েস। তিনি বলেন, “এর ফলে আমরা আরও শক্তি পাবো এবং আমাদের আন্দোলন আরও আশার সঞ্চার হবে।”
