২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক প্রধানের পক্ষে সমর্থন পেতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

বিশ্ব ব্যাংক প্রধান পল উলফোভিৎসকে তার পদে টিকে থাকতে ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাংকের একটি প্যানেল তদন্তের পর সোমবার জানায়, বান্ধবী সাহা রিজার প্রতি পক্ষপাতমূলক আচরণ করে উলফোভিৎস প্রতিষ্ঠানের নিয়ম ভেঙেছেন। তবে নিজের অপরাধ স্বীকার করে নিয়ে উলফোভিৎস ব্যাংকের পরিচালনা পরিষদের সামনে মঙ্গলবার রাখা এক আবেগঘন বক্তব্যে তাকে ওই পদে বহাল রাখার অনুরোধ জানান। এ বিষয়ে বুধবার ব্যাংকের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 01:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

উলফোভিৎসকে তার পদে বহাল রাখার ব্যাপারে শিল্পোন্নত জি - সেভেনভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একমাত্র জাপান ছাড়া আরও কারও সমর্থন পায়নি ওয়াশিংটন। উলফোভিৎসের অনৈতিক সিদ্ধান্তকে ব্যাংকের প্রধান হিসেবে তার গ্রহণযোগ্যতার সঙ্গে এক করে না দেখার আহ্বান জানালেও এদের মধ্যে আর কোনো দেশের কর্মকর্তারা ওয়াশিংটনের আহ্বানে সাড়া দেননি।

এ প্রসঙ্গে জি - সেভেনের এক সূত্র জানায়, এটা পরিষ্কার যে ওই আহ্বানে অধিকাংশ দেশই সাড়া দেয়নি। তারা বরং চায়, উলফোভিৎসকে তার পদে বহাল রাখা কিংবা তার পদত্যাগ কিংবা তাকে বরখাস্ত করা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এ সংক্রান্ত বিতর্কের অবসান হোক।  

এরপরও উলফোভিৎসের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানায় দেয় বুশ প্রশাসন। তবে প্রশাসন ওই পদ থেকে তার সরে দাঁড়ানোর পথ খোলা রেখেছে। তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখলে বিশ্ব ব্যাংকের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে ইঙ্গিত দেয় বুশ প্রশাসন। 

এদিকে বান্ধবী সাহা রিজাকে পদোন্নতি ও তার পারিশ্রমিক মাত্রাতিরিক্ত বাড়ানো প্রশ্নের জবাব দিতে গিয়ে মঙ্গলবার ২৪ সদস্যের পরিচালনা পরিষদের সামনে উলফোভিৎস নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তার ওপর আস্থা হারানোকে তার প্রতি মোটাদাগে অন্যায় করা হবে বলে মন্তব্য করেন তিনি। উলফোভিৎস তার সম্পর্কে যথার্থ সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিষদের প্রতি আহ্বান জানান।

তিনি জানান, জনসমক্ষে নিন্দিত হওয়ায় গত মাসে তিনি ও রিজা খুবই খারাপ সময় কাটিয়েছেন।

যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরাক যুদ্ধে তার ভূমিকার জন্য সমালোচিত উলফোভিৎসকে ২০০৫ সালে বিশ্ব ব্যাংকের প্রধান পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট জর্জ বুশ। ওই সময় থেকে তার নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল বিশ্ব ব্যাংকের ইউরোপীয় দেশগুলো। তার অপকর্মের কাহিনী প্রকাশ হওয়ার পর থেকে উলফোভিৎসের নেতৃত্ব নিয়ে সোচ্চার হয় এসব দেশ। ইউরোপীয় সমালোচকরা গত মাস থেকেই বলে আসছিলেন, তার এসব তৎপরতা প্রকাশিত হওয়ায় বিশ্ব ব্যাংকের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে।