২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের অগ্রসরমান পরমাণু কর্মসূচি মেনে নিন: বিশ্ব শক্তিগুলোর প্রতি আইএইএ প্রধান

– আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতির সঙ্গে বিশ্ব শক্তিগুলোকে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অর্জিত সক্ষমতার কারণেই দেশটিকে পরমাণু প্রযুক্তি অর্জন থেকে বিরত রাখার বিশ্ব শক্তিগুলোর আকাঙ্খা এখন অবাস্তব হয়ে পড়েছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দাবি মেনে নিতে বাধ্য ইরান। তারা যে পরমাণু বোমা বানাচ্ছে না- এ আশঙ্কা দূর করতে বিষয়টি সমাধানের লক্ষ্যে আলোচনায় বসা উচিৎ ইরানের, মন্তব্য করেন এলবারাদি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নিউইয়র্ক টাইমস পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাতকারে এলবারাদি এসব কথা বলেন। আইএইএর এক কর্মকর্তা এ সাক্ষাতকার প্রতিবেদনে সংস্থা প্রধানের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এলবারাদি বলেছেন, “পরমাণু বিস্তাররোধের পরিপ্রেক্ষিতে ওই প্রযুক্তি অর্জন থেকে তাদের বিরত রাখাই ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের অন্যতম উদ্দেশ্য। কিন্তু ঘটনাচক্রে এ উদ্দেশ্যটিই এখন প্রাসঙ্গিকতা হারিয়েছে (কেননা তারা ইতিমধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অর্জনে সক্ষম হয়েছে) ।”

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, আইএইএর পরিদর্শকরা ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা ঘুরে এসে নিশ্চিত করেছেন যে দেশটি বেশ বড় আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে।

কূটনীতিবিদ এবং ভিয়েনায় পরমাণু প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, আইএইএর পরিদর্শকরা রোববার আকস্মিকভাবে নাতাঞ্জ পরিদর্শন করেন। সেখানে তারা দেখতে পান, ইরানি প্রকৌশলীরা ইতিমধ্যেই প্রায় এক হাজার ৬০০ সেন্ট্রিফিউজ ব্যবহার করে পরমাণু চুল্লি¬র উপযোগী জ্বালানি উৎপাদন করছেন। চলতি মাসের প্রথম থেকে  সেন্ট্রিফিউজগুলোকে ১০টি জ্বালানিচক্রে ‘কাসকেড’ এ বিভক্ত করে ভূগর্ভস্থ স্থাপনায় এ কার্যক্রম শুরু করেছে তারা। তেহরান প্রতি সপ্তাহে একটি করে ‘জ্বালানিচক্র’ বিস্তারের চেষ্টা চালাচ্ছে এবং এভাবে আগামী মাসের মধ্যে প্রকল্পটিকে তিন হাজার সেন্ট্রিফিউজে উন্নীত করে ‘বাণিজ্যিকভিত্তিতে’ বিপুল পরিমাণে উৎপাদনের চেষ্টা চালাচ্ছে।

এ প্রসঙ্গে এলবারাদি বলেন, “আমরা ধারণা করছি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছে। এখন থেকে তাদের কাজ হবে, এ জ্ঞানকে কীভাবে সঠিক উপায়ে প্রয়োগ করা যায় তা নিশ্চিত করা। কেউ এটা শুনতে পছন্দ না করলেও এটাই বাস্তবতা।”

এর আগে নিরাপত্তা পরিষদে আইএইএর প্রতিবেদন জমা দেওয়ার আগে এলবারাদি বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার চিন্তার চাইতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ‘বাণিজ্যিক স্তরে’ উন্নীত হওয়ার আগেই তাকে আটকে দেওয়াটা জরুরি।

নিউইয়র্ক টাইমস জানায়, পরমাণু বোমা তৈরির উপযোগী উপকরণ তৈরি করতে হলে এসব ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করতে হবে। ক্ষেপণাস্ত্রে যে ধরনের ছোট আকারের পরমাণু বোমা ব্যবহার করা হয় তা তৈরি সংক্রান্ত প্রযুক্তি ইরানের হাতে আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।    

এদিকে ওয়াশিংটনে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “সময় ঘনিয়ে আসছে। আমি ঠিক জানি না আর কতো সময় বাকি আছে। পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষমতা অর্জন আলাদা বিষয়। এরপরও আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, একে একটি যন্ত্রে এবং পরে বহনযোগ্য কিছুতে স্থাপন করার মতো সক্ষমতা ইরান অর্জন করেছে।”

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রয়টার্সকে জানান, আইএইএর নতুন কোনো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত নন। তিনি বলেন, “ইরান যে পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করে যাচ্ছে তা নতুন নয়, সে কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় চায় যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করুক। এর অন্যথা হলে ইরানকে শুধুই বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো ছাড় দেওয়া হবে না।”