হলদেটে হয়ে যাচ্ছে তাজমহল
বায়ু দূষণ কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাজমহলকে হলদেটে হওয়া থেকে রক্ষা করতে পারছে না ভারত সরকার। দেশটির একটি পার্লামেন্টারি কমিটি একথা জানিয়েছে। কমিটি জানায়, সাদা মার্বেল পাথরে তৈরি ১৭ শতকের ঐতিহাসিক ওই নিদর্শনটির ঔজ্জ্বল্য ধরে রাখা যাচ্ছে না।
ভারতীয় পার্লামেন্টে এ সপ্তাহেই এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেছে যোগাযোগ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক ওই কমিটি। কমিটি জানায়, দূষিত বাতাসের কণা সাদা মার্বেল পাথরের ওপর জমে জমে তাজমহলের দেওয়াল হলদেটে হয়ে যাচ্ছে।
উত্তরাঞ্চলীয় আগ্রা শহরের ওই প্রতœতাত্ত্বিক নিদর্শনটি মোঘল সম্রাট শাজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল স্মরণে তৈরি করেছিলেন ১৭ শতকে। তাজমহলের আশপাশের এলাকা দূষণমুক্ত রাখার জন্য কর্তৃপক্ষ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এজন্য আগ্রায় একটি বায়ু দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
কিন্তু ওই কমিটি জানায়, তাজমহলের আশপাশের বাতাসে সালফার ডাই অক্সাইডের মতো বায়ু দূষণকারী পদার্থ এবং নাইট্রাস অক্সাইডের মতো কয়েকটি গ্যাস সহনীয় মাত্রায় থাকলেও ‘ক্ষতিকর কিছু সূক্ষ্ম পদার্থের’ উপস্থিতি বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় সর্বোচ্চ মাত্রায় রেকর্ড করা হয়েছে।
এসব পদার্থ সাদা মার্বেল পাথরের ওপর আস্তরণ তৈরি করায় তাজমহল হলদেটে হয়ে যাচ্ছে। তাজমহলের ঔজ্জ্বল্য ধরে রাখতে চীনামাটির প্রলেপ দেওয়া হবে যাতে সাদা মার্বেলের ওপর জমে থাকা দূষিত বায়ুকণার স্তর তুলে ফেলা যায়। চীনামাটির প্রলেপ সাদা মার্বেল ক্ষয় করবে না, এমনকি এতে জমেও থাকবে না।
ঐতিহাসিক ওই নিদর্শনটির স্বাভাবিক ঔজ্জ্বল্য যেন ধরে রাখা যায় সেজন্য পার্লামেন্টারি কমিটি তাজমহলে যেকোনো ধরনের সংস্কার কার্যক্রম চালানোর আগে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
সতের বছর ধরে ২০ হাজার কর্মীর নিরলস প্রচেষ্টায় তৈরি হয় তাজমহল। অনন্য এই নিদর্শন দেখতে প্রতি দিন প্রায় ২০ হাজার মানুষ ভিড় জমান সেখানে।
