ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অনেক এগিয়েছে: আইএইএ
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অনেক এগিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। নিউইয়র্ক টাইমসে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আইএইএর পরিদর্শকরা ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা ঘুরে এসে নিশ্চিত করেছেন যে দেশটি বেশ বড় আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে।
কূটনীতিবিদ এবং ভিয়েনায় পরমাণু প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, আইএইএর পরিদর্শকরা রোববার আকস্মিকভাবে নাতাঞ্জ পরিদর্শন করেন। সেখানে তারা দেখতে পান, ইরানি প্রকৌশলীরা ইতিমধ্যেই প্রায় এক হাজার ৩০০ সেন্ট্রিফিউজ ব্যবহার করে পরমাণু চুল্লির উপযোগী জ্বালানি উৎপাদন করছেন।
কয়েকদিন আগেও ইরানিরা পরমাণু জ্বালানি উৎপাদনের জন্য সেন্ট্রিফিউজে প্রয়োজনীয় ঘূর্ণনগতি আনা নিয়ে সমস্যায় ভুগছিলেন বলে পত্রিকাটি জানায়।
এ প্রসঙ্গে আইএইএর মহাপরিচালক মোহাম্মদ এলবারাদি বলেন, “আমরা ধারণা করছি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছে। এখন থেকে তাদের কাজ হবে, এ জ্ঞানকে কীভাবে সঠিক উপায়ে প্রয়োগ করা যায় তা নিশ্চিত করা। কেউ এটা শুনতে পছন্দ না করলেও এটাই বাস্তবতা।”
নিউইয়র্ক টাইমস জানায়, পরমাণু বোমা তৈরির উপযোগী উপকরণ তৈরি করতে হলে এসব ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করতে হবে। ক্ষেপণাস্ত্রে যে ধরনের ছোট আকারের পরমাণু বোমা ব্যবহার করা হয় তা তৈরি সংক্রান্ত প্রযুক্তি ইরানের হাতে আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ওয়াশিংটনে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “সময় ঘনিয়ে আসছে। আমি ঠিক জানি না আর কতো সময় বাকি আছে। পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষমতা অর্জন আলাদা বিষয়। এরপরও আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, একে একটি যন্ত্রে এবং পরে বহনযোগ্য কিছুতে স্থাপন করার মতো সক্ষমতা ইরান অর্জন করেছে।”
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রয়টার্সকে জানান, আইএইএর নতুন কোনো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত নন। তিনি বলেন, “ইরান যে পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করে যাচ্ছে তা নতুন নয়, সে কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় চায় যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করুক। এর অন্যথা হলে ইরানকে শুধুই বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো ছাড় দেওয়া হবে না।”
