পাকিস্তানে সুপ্রিমকোর্ট কর্মকর্তাকে গুলি করে হত্যা
পাকিস্তানে সুপ্রিমকোর্টের এক কর্মকর্তাকে ইসলামাবাদের নিজ বাড়িতে সোমবার সকালে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ এবং নিহতের আত্মীয়রা একথা জানান।
আদালতের ওই নিহত কর্মকর্তার নাম সৈয়দ হাম্মাদ রাজা। তিনি সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের স্ত্রী সাধনা বলেছেন, তিনি নিশ্চিত যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ ডাকাতি কিংবা অন্য কোন চেষ্টাই করেনি ঘাতকরা।
সাধনা বলেন,“ তারা এসেই সরাসরি তাকে গুলি করে। তিনি দরজা খোলেন এবং সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারীরা।”
সোমবার খুব ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুই থেকে তিনজন বন্দুকধারী খুব কাছে থেকে তাকে গুলি করে।
সুপ্রিমকোর্টে পুনঃনিয়াগের আগে রাজা বেলুচিস্তানে দায়িত্বপালন করেন। পাকিস্তানের বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীও সেসময় বেলুচিস্তানে বিচারকের দায়িত্ব পালন করতেন।
