২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোষ্ঠীগত সহিংসতায় ৫ জনের মৃত্যুর পর অসমের ডিগবয়ে কারফিউ জারি

অসমের পূর্বাঞ্চলীয় শহর ডিগবয়ে গোষ্ঠীগত সহিংসতায় পাঁচজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 02:14 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সরকারের জঙ্গি নির্মূল অভিযানে এক বেসামরিক নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ওই সহিংসতা শুরু হয়। পুলিশ সোমবার একথা জানিয়েছে।

কারফিউ জারির পর থেকে ডিগবয় শহরে উত্তেজনা বিরাজ করছে। অচলাবস্থার কারণে সেখানকার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগারসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কাজকর্মও বন্ধ হয়ে গেছে।

জঙ্গি নির্মূল অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে স্থানীয় এক বেসামরিক নাগরিকের মৃত্যুতে বিক্ষুব্ধ অহমিয়ারা সড়ক অবরোধ করলে সংঘর্ষ শুরু হয়। এ সড়ক অবরোধের কারণে চা বাগানের শ্রমিক অ-অহমিয়া জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের কর্মস্থলে যেতে না পারায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

তীর, ধনুক, বর্ষা, বল্লমসজ্জিত চা বাগনের শ্রমিকদের সঙ্গে অবরোধকারী সশস্ত্র ব্যক্তিদের এ সংঘর্ষে প্রাণ হারান পাঁচজন। এদর মধ্যে দুজনকে আগুনে পুড়িয়ে মারা হয়।

অবরোধের ডাক দেওয়া সংগঠনের প্রচারণা চালানোর সময় চা বাগানের শ্রমিকরা ওই দুই যুবককে আটক করে এবং এক পর্যায়ে তাদের আগুনে পুড়িয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

তেলসমৃদ্ধ অসম রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও নানা গোষ্ঠীগত সহিংসতায় গত কয়েক দশকে হাজার হাজার মানুষ প্রাণ হারান।