২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ও ইরান নিয়ে চেনি-মুবারক বৈঠক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি রোববার তার সফরের শেষ পর্যায়ে মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠক করেছেন। ইরাকের সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বিধানে ইরানের প্রভাব নিয়েই মূলত আলোচনা করেছেন দুজন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 09:56 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি সরকারকে স্থিতিশীল করা এবং ইরাকে ইরানের প্রভাব হ্রাসের ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসাবেই চেনি মুবারকের সঙ্গে এই বেঠক করলেন।

চেনির এই বৈঠকের মাঝেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে। তবে আলোচনার সময় এখনো নির্দিষ্ট হয়নি। যুক্তরাষ্ট্রও ইতমধ্যেই ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ ব্যক্ত করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইারাকের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কারণেই তারা মধ্যপ্রাচ্যে তাদের বন্ধু দেশগুলোকে সঙ্কট নিরসনের চেষ্টায় পাশে পেতে চাইছে। ইরাক, সৌদি আরব এবং মিশরে চেনির এই সফর তারই ইঙ্গিত।

যুক্তরাষ্ট্র এতদিন ধরে ইরান এবং সিরিয়ার বিরুদ্ধে ইরাকি জঙ্গিদের মদদদানের অভিযোগ করে আসলেও এবার মিসরের শারম আল শেখ এ আয়োজিত ইরাক সম্মেলনে যুক্তরাষ্ট্র ইরান ও সিরিয়ার প্রতি নমনীয় অবস্থান নেয়।

মুবারকের সঙ্গে বৈঠকের আগে সৌদি আরবের প্রত্যন্ত মরু শহর তাবুকে যুক্তরাষ্ট্রের ইরাক-ইরান নীতি নিয়ে বৈঠক করেন চেনি এবং সৌদি বাদশাহ আবদুল্লাহ। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মার্কিন নীতি কতটুকু সহায়ক বা আদৌ সহায়ক কিনা তা বিচার-বিশ্লেষণ করে দেখাই ছিলো বৈঠকের লক্ষ্য।

দুবাইয়ের বিশ্লেষক মুস্তফা আলানি বলছেন, “মধ্যপ্রাচ্য নীতিতে সৌদি আরবের সমর্থনের জন্য মার্কিনিরা মরিয়া। তারা এখন সত্যি সত্যি দুর্বল অবস্থানে আছে। সৌদি আরবের এখন যুক্তরাষ্ট্রকে যতটুকু প্রয়োজন তার চেয়েও যুক্তরাষ্ট্রের সৌদি আরবকে প্রয়োজন বেশি।”

ইরাক পরিস্থিতির পাশাপাশি ইরানকে নিয়েও চিন্তিত যুক্তরাষ্ট্র। চেনি ইরানকে সবচে’ উদ্বেগজনক ইসু আখ্যাদিয়েছেন। একারণে আরব নেতাদের সঙ্গে তার আলোচনায় ইরান প্রসঙ্গ প্রাধান্য পেয়েছে।

চেনি বলেন, ‘ইরান কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয় এ অঞ্চলে আমাদের বেশির ভাগ বন্ধু দেশের জন্যই উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’’

গত সপ্তাহে মিসরের শারম আল-শেখ এ ইরাক সম্মেলনের পর চেনি সৌদি আরব এবং মিশর সফর করলেন। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ইরাক সঙ্কট সমাধানে পুরোনো মিত্র দেশগুলোর সঙ্গে শলা-পরামর্শ করার নতুন উদ্যোগ নিয়েছে।