২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-সেনাদের রুখে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে আফগানরা

আফগান বাহিনীতে যোগ দিয়ে পাকিস্তানি সেনাদের রুখে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে আফগানরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

পাকিস্তানের সীমান্ত রক্ষীদের সঙ্গে রোববারের সংঘর্ষে ৭ আফগান সেনা নিহতের খবর পাওয়ার পরই আফগানিস্তানের হাজার হাজার লোক পাক-সেনাদের বিরুদ্ধে লড়ার জন্য মাঠে নেমেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি একথা জানিয়েছেন।

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ জানান, উত্তরপশ্চিম পাকিস্তানের কুরাম উপজাতীয় এলাকার পাঁচ থেকে ছয়টি সীমান্ত পোস্টে আফগান সেনারা “বিনা উস্কানিতেই গুলি’ চালায়। আর তার জবাবে পাকিস্তানি আধাসামরিক বাহিনীর সেনারা পাল্টা গুলি চালায়।

আরশাদ বলেন, “আমরা জানতে পেরেছি তাদের ছয় থেকে সাত জন সেনা নিহত হয়েছে। আর আমাদের তিন সেনা আহত হয়েছে।”

এদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিমি জানান, দক্ষিণাঞ্চলীয় পাটিকা প্রদেশে জাজাই জেলায় রোববারের ওই সংঘর্ষস্থলে স্থানীয় আদিবাসীরা একটি পাকিস্তানি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

আজিমি আরও বলেন, “পাকিস্তান ওই সীমান্ত এলাকার আফগান অংশে অবৈধ অনুপ্রবেশ করেছিলো। এ ঘটনা জানার পরপরই আফগানরা দলে দলে লড়াই ক্ষেত্রে আসতে শুরু করে। বহু আদিবাসী সরকারি সেনাবাহিনীতে যোগ দেয়ারও আগ্রহ ব্যক্ত করে। কিন্ত তাদেরকে থামিয়ে দেয়া হয়েছে এবং সঙ্কটের কূটনৈতিক সমাধান করার আশ্বাস দেয়া হয়েছে।” কাবুলে এক সংবাদ সম্মেলনে আজিমি একথা বলেন।