২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের হাতে জিম্মি ফরাসি ত্রাণকর্মী দেশে পৌঁছেছেন

আফগানিস্তানে তালেবানদের হাতে জিম্মি থাকা এক ফরাসি ত্রাণকর্মী শনিবার ছাড়া পেয়ে দেশে ফিরেছেন। এছাড়া, জিম্মি অপর তিন আফগানকে মুক্তি দেওয়ার জন্য তালেবানদের প্রতি অনুরোধ জানিয়েছে ফরাসি সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আফগান সরকারের হাতে আটক তালেবানদের মুক্তি এবং আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে এরিক দামফ্রেভিল নামে ওই ত্রাণকর্মীকে জিম্মি করে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি ফরাসি সাহায্য সংস্থা টেরে ডি’এনফ্যান্সের কর্মী।

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তরের এক বক্তব্যে জানানো হয়, “নিকোলাস সারকোজি আটক অপর জিম্মিদের দ্রুত মুক্তির আশা করছেন। এটা শেষ করতে প্রয়োজনীয় সব উদ্যোগই তিনি গ্রহণ করবেন।”

৩৮ দিন আটক থাকার পর দামফ্রেভিলকে শুক্রবার মুক্তি দেওয়া হয় এবং তিনি শনিবার প্যারিসের বাইরে একটি সামরিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

বিমানবন্দরে নামার পর তিনি বলেন, “আফগানিস্তানের দক্ষিণে রুক্ষ পরিবেশে আটক থাকার কারণে আমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। তবে তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করা করেছে।”

তিন আফগান সহকর্মী এবং অপর এক ফরাসি সহকর্মী সেলিন করডেলিয়ারসহ দামফ্রেভিলকে গত ৩ এপ্রিল অপহরণ করা হয়। এর মধ্যে করডেলিয়ারকে গত ২৮ এপ্রিল মুক্তি দেওয়া হয়।

দামফ্রেভিলকে স্বাগত জানাতে উপস্থিত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দস্ত-ব্লঁসে জানান, ফরাসি কর্তৃপক্ষ অপর তিন আফগান জিম্মিকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, “আমরা তাদের ভুলে যেতে পারি না।”