আফগান পররাষ্ট্রমন্ত্রী অপসারিত
ইরান থেকে আফগান উদ্বাস্তুদের ফিরে আসা ঠেকাতে ব্যর্থ হওয়ায় শনিবার আফগান পররাষ্ট্র মন্ত্রী রাঞ্জিন দাদফার স্পানতাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আইনসভা।
চলতি সপ্তাহে দ্বিতীয় মন্ত্রী হিসেবে তিনি পদচ্যুত হলেন।
আইনসভার নিম্নকক্ষে একটি গোপন ভোটের মাধ্যমে স্পানতাকে পদচ্যুত করা হয়।
আইনসভার ২১৭ জন সদস্যের মধ্যে ১৪১ জন সদস্য স্পানতার বিরুদ্ধে ভোট দেয়। প্রেসিডেন্ট হামিদ কারজাই তাকে এক বছর আগে পররাষ্ট্র মন্ত্রী পদে নিয়োগ দেন।
উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সম্পদ না থাকায় উদ্বাস্তুদের দেশে ফেরত না পাঠানের বিষয়ে আফগানিস্তান তার প্রতিবেশীদের অনুরোধ জানিয়েছিল।
বিভিন্ন গোত্রের নেতা, সাবেক কম্যুনিস্ট কর্মকর্তা, কিছু সাবেক তালেবান সদস্য এবং নারী অধিকার বাস্তবায়ন কর্মীদের সমন্বয়ে গঠিত আইনসভার নিম্নকক্ষ বৃহস্পতিবার উদ্বাস্তু বিষয়ক মন্ত্রী উস্তাদ আকবর আকবর এর বিরুদ্ধে ভোট দেয় এবং তাকে পদচ্যুত করে।
সরকার ও প্রশাসনে নীতিমালা পরিবর্তন ও পরিকল্পিত পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় কারজাইয়ের কাছে প্রতিবেদন দেওয়া হয় এ সপ্তাহে। এ কারণেই স্পানতার পদচ্যুতি ঘটলো।
২০০১ সালের পর থেকে বৃদ্ধি পাওয়া সহিংসতা কমাতে তালেবান এবং অন্যান্য বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনার বিষয়ে কারজাইয়ের প্রস্তাবের বিরোধিতা করেন স্পানতা।
দেশটির তিন দশকের সহিংসতায় জড়িত যুদ্ধাপরাধীদের শাস্তির বিষয়ে আইন সভার নিম্ন কক্ষের পাশ করা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রস্তাবেরও বিরোধিতা করেন স্পানতা।
তবে কারজাইয়ের সঙ্গে কোনো ধরনের মতবিরোধের কথা অস্বীকার করেছেন স্পানতা।
