২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই ইরাক সফরে যাচ্ছেন গর্ডন ব্রাউন

ব্রিটেনের ভাবী নেতা গর্ডন ব্রাউন বলেছেন খুব শিগগিরই ইরাক সফরে যাবেন তিনি। ব্রাউন বলেছেন, আল কায়েদাকে একঘরে করতে হলে মুসলমানদের মন জয় এবং উদারপন্থীদের মুসলমানদের শক্তিশালী করা জরুরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তবে ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের কোনো সময়সীমা বেঁধে দিতে রাজি হননি তিনি। শনিবার বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ব্রাউন বলেছেন, “আমি নিজের মতো করে পুরো পরিস্থিতির মূল্যায়ন করতে চাই। সেখানে গিয়ে তাদের কথা শুনতে চাই আমি। ব্রিটিশ সেনাদের সঙ্গে সামনাসামনি কথা বলে তাদের মতামত জানতে চাই এবং তারপর ইরাকি কর্তৃপক্ষের কাছ থেকে তাদের বক্তব্য শুনতে চাই।”

কিছুদিন আগেই একবার বসরা সফর করেছিলেন ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন। কিন্তু আবারও ইরাক সফরের কথা জানিয়ে তিনি বলেন, আমি সবসময়ই তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চাই।

দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে টনি ব্লেয়ারের সরে দাঁড়ানোর পর ইরাক নীতিতে কী ধরনের পরিবর্তন আসছে সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ব্রাউন।

ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করবেন কি না এমন এক প্রশ্নের জবাবে ব্রাউন বলেন, “আমার মনে হয় না, এ অবস্থাতে আগেই কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব। এক সময়ের ৪৪ হাজার সেনা থেকে এখন মাত্র সাত হাজার সেনা রয়েছে সেখানে, সেটা আরও কমে ছয় হাজারে নেমে আসছে এবং এভাবেই সেনা সংখ্যা কমছে।”

ব্রাউন বলেন, দুনিয়াজুড়ে হয়তো প্রায় ৬০টির মতো আল কায়েদা গ্রুপ কাজ করছে। এ চরমপন্থীদের কোনঠাসা করতে হলে উদারপন্থী মুসলমানদের সহায়তা করতে হবে।

তিনি বলেন, “নতুন রণক্ষেত্র হল মন আর হৃদয় জয় করার যুদ্ধের।”

এক দশক ধরে ব্রিটেনের ক্ষমতায় থাকার পর বৃহস্পতিবার পার্টি প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে টনি ব্লেয়ারের সরে দাঁড়ানোর ঘোষণায় এক নতুন যুগের সূচনা হলো ব্রিটিশ রাজনীতিতে। ২৭ জুন ব্লেয়ার ক্ষমতা থেকে সরে দাঁড়ালে সরাসরি প্রধানমন্ত্রী হবেন ব্রাউন। কেননা, দলের মধ্যে নেতৃত্বের জন্য তেমন বড় কোনো চ্যালেঞ্জই মোকাবেলা করতে হবে না তাকে।

কিন্তু নতুন দায়িত্বে এসে ইংরেজ মধ্যবিত্তদের সমর্থন আদায় করতে হবে ব্রাউনকে। সাম্প্রতিক স্থানীয় পরিষদ নির্বাচনে রক্ষণশীলদের কাছে অত্যন্ত বাজেভাবে পরাজিত হয়েছে শ্রমিক পার্টি। এ পরাজয়ের ধকল কাটিয়ে উঠে ইরাক ইস্যুসহ ব্লেয়ারের রেখে যাওয়া অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোর সমাধান করেই ২০০৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে ব্রাউনকে।

একদিকে ব্লেয়ারের কাছ থেকে নিজেকে আলাদা প্রমাণ করার প্রচেষ্টা আরেক দিকে ব্লেয়ারের অনুসৃত বিভিন্ন নীতিতে নিজের সমর্থন দেওয়ার বিষয়টিকে পাশ কাটানোর চেষ্টায় অত্যন্ত কঠিন ভারসাম্যের মধ্য দিয়ে যেতে হচ্ছে গর্ডন ব্রাউনকে।