২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: কিউবা

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে কিউবা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সাবেক সিআইএ চর ও কাস্ত্রোবিরোধী এক ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচার না করায় এ অভিযোগ জানায় কিউবা। ১৯৭৬ সালে কিউবার একটি বিমানে বোমা হামলায় ৭৩ জনের মৃত্যুর জন্য দায়ি নির্বাসিত ওই কিউবান লুইস পোসাদা করিলেস।

একটি মার্কিন আদালত গত মঙ্গলবার অভিবাসন আইন অমান্যের অভিযোগ থেকে পোসাদাকে মুক্তি দেওয়ার পর কিউবা এ অভিযোগ জানায়।

এক বিবৃতিতে কিউবা বলেছে, “যুক্তরাষ্ট্র সরকারের উচিত ছিল পোসাদা করিলেসকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে নিজেদের প্যাট্রিয়ট আইনের আওতায় গ্রেপ্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার বিচার করা।”

দেশটি ১৯৭৬ সালে কিউবার একটি বিমানে বোমা হামলার পরিকল্পনাকারী পোসাদাকে বিচারের জন্য ভেনেজুয়েলায় ফেরত পাঠানোরও দাবি জানায়।

কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমায় প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, “দেখা যাক হোয়াইট হাউস এখন কী করে। লুইস পোসাদা করিলেসকে আটক করতে এবং ভেনিজুয়েলায় ফেরত পাঠাতে আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা তাদের রয়েছে।”

কিউবা বলছে, সহিংস কর্মকাণ্ডের জন্য পোসাদা করিলেসের বিচার এড়ানোর লক্ষ্যে এক ‘ধোঁয়ার পর্দা’ হিসেবে করা হয় অভিবাসন মামলাটি, যেসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে পোসাদার দীর্ঘ ২৫ বছরের সম্পর্ককের বিষয়টি।

প্রসঙ্গত, কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করতে পরিচালিত ১৯৬১ সালের ব্যর্থ বে অব পিগস অভিযানের জন্য সিআইএর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন পোসাদা। পরে ১৯৭৬ সালে কিউবার বিমানে হামলার জন্য তাকে ভেনিজুয়েলার কারাগারে আটক রাখা হয়। যদিও সেখান থেকে ১৯৮৫ সালে তিনি পালিয়ে যান। পরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপারাধে ২০০৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়। আর কিউবার বামপন্থী মিত্র ভেনিজুয়েলা তখন তাকে ফেরত চাইলেও সে আহ্বানে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।