২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশের নির্বাচনে ‘হরিজনদের’ দল বিজয়ী

ভারতের উত্তর প্রদেশের (ইউপি) নির্বাচনে মায়াবতীর নেতৃত্বাধীন ‘হরিজনদের’ দল হিসেবে পরিচিত বহুজন সমাজ পার্টি (বিএসপি) জয়ী হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 04:23 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

দেশের বৃহত্তম বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনে আশানুরূপ সাফল্য পায়নি। তাছাড়া প্রদেশের এক সময়কার শক্তিশালী দল এবং ক্ষমতাসীন কংগ্রেস পার্টিও নির্বাচনে ভালো করতে পারেনি।

তবে নির্বাচনের এ ফলাফল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কেন্দ্রীয় জোটকে ক্ষতি করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। কেননা, নির্বাচনপূর্ব জনমত জরিপে এগিয়ে থাকলেও নির্বাচনী ফলাফলে আশানুরূপ সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি।

এক সংবাদ সম্মেলনে মায়াবতী বলেন, “উত্তর প্রদেশের জনগণ ধর্ম ও গোষ্ঠী বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের ভোট দিয়েছেন।”

এদিকে বিশ্লেষকরা বলছেন, ভারতের ‘হরিজনদের’ প্রতিনিধিত্বকারী বহুজন সমাজ পার্টির বিজয়ে এ বিষয়টি ফুটে উঠতে পারে যে রাজ্যটি বিভাজন ও গোষ্ঠীভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে আসছে এবং মানুষ ভোট দিয়েছে একটি নতুন মহজোটের জন্য।

এদের একজন নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের রাজনৈতিক বিশেষজ্ঞ ও সাবেক সম্পাদক বিজি ভারগেসি বলছেন, “সুশাসনের পক্ষের ভোট এটি। একটি জাতীয় সামাজিক জোটের নেতৃত্ব দেওয়ার মতো ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি। এটা তুরুপের তাস।”

সবচেয়ে জনবহুল প্রদেশ, ১৭ কোটি ভারতীয়র আবাসস্থল, উত্তর প্রদেশের এই নির্বাচনের প্রচারাভিযানে প্রাধান্য পেয়েছে মূলত স্থানীয় বিভিন্ন ইস্যু। নির্বাচনের ফলাফল আগামী বছরে অনুষ্ঠিতব্য ১০টি প্রদেশের নির্বাচন এবং ২০০৯ সালের জাতীয় নির্বাচনের জন্য কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক নির্দশনা লাভে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ভারতে নিম্নবর্ণের দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বিএসপি ৪০৩ আসনের বিধান সভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ৩৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যে বিএসপি পেয়েছে ২০৪টি আসন।

ক্ষমতাসীন সমাজবাদী পার্টি (এসপি) ৯৫টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া বিজেপি ৫১টি এবং কংগ্রেস ২১টি আসনে জয়লাভ করেছে।

বিভিন্ন জরিপ এবং নির্বাচনের ভোট গ্রহণ শেষে ধারণা করা হচ্ছিল, বিজেপি এবার ১১০টি আসনে জয়ী হবে এবং উত্তর প্রদেশে ঝুলন্ত বিধানসভা গঠিত হবে।

এ অবস্থায় বিশ্লেষকরা জানিয়েছেন, মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে অথবা কংগ্রেসের সঙ্গে জোট গঠন করতে পারে।