প্রধান বিচারপতির সফরকে কেন্দ্র করে উত্তাল করাচি, ২৭ জন নিহত
পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর শনিবারের করাচি সফরকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ায় শহরটিতে ২৭ জন নিহত এবং প্রায় ১০০ জন গুরুতর আহত হয়েছে।
গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংঘাত। ইফতেখারের সফর ঠেকাতে সরকার সমর্থকরা হাইকোর্ট প্রাঙ্গণ ও করাচির বিমানবন্দর সড়কসহ প্রধান প্রধান সড়ক অবরোধ করে রাখে। এদিকে দুপুরে ইসলামাবাদ থেকে আকাশপথে করাচি পৌঁছেছেন ইফতিখার। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমর্থক করাচির ক্ষমতাসীন দল মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) কর্মীদের সঙ্গে বিরোধী রাজনৈতিক কর্মী ও ইফতেখারের সমর্থকদের গোলাগুলি হয়েছে। প্রাদেশিক সরকার প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে চাইলেও প্রেসিডেন্ট মুশাররফ বলেছেন, তার প্রয়োজন হবে না। (আরও তথ্যসহ)
সিন্ধু প্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াসিম আখতার বলেন, “সংঘর্ষে মৃতের সংখ্যা ২৭ এ পৌঁছেছে। এছাড়া প্রায় ১০০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এদের অনেকের অবস্থা গুরুতর।”
উদ্ভুত পরিস্থিতিতে প্রাদেশিক সরকার প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে চাইলে রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিপিকে মুশাররফ বলেন, “এর কোনোই প্রয়োজন নেই। এরকম বড় ধরনের পদক্ষেপ গ্রহণের মতো পরিস্থিতিরও সৃষ্টি হয়নি।”
সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এর আগে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ইফতেখারকে করাচি সফর না করার অনুরোধ জানানো হয়েছিল। এছাড়া, করাচিতে শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর কয়েক হাজার সদস্যকে।
কিন্তু সে অনুরোধ উপক্ষো করে দুপুরে করাচি পৌঁছেন ইফতেখার। সমর্থকদের সঙ্গে দেখা করার আশায় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন বলে তার এক আইনজীবী জানান।
বিরোধী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মুখপাত্র শেরি রেহমান সহিংস পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে একে রাষ্ট্রসমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এ জন্য দায়ি সিন্ধু প্রদেশের সরকার। আমরা পিছু হটবো না।”
এদিকে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াসিম আখতার আবারও ইফতেখারকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রধান বিচারপতির উচিত নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং ইসলামাবাদে ফিরে যাওয়া।”
বিমানবন্দরের বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। বিভিন্ন জায়গায় শখানেক যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে ধারণকৃত টেলিভিশন দৃশ্যে দেখা যায়, বন্দুকধারীরা রাস্তায় এবং আহতদের ওপর গুলি ছুড়ছে।
এদিকে করাচির বিভিন্ন জায়গায় এমকিউএম বিরোধী মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ও পিপিপির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবারের কর্মসূচি নস্যাত করতে আগের রাতে বহু রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করার অভিযোগ করেছে বিরোধীরা।
পাকিস্তানের বৃহত্তম এ নগরী অবরুদ্ধ হয়ে থাকায় বিভিন্ন এয়ারলাইন্সের কেবিন ক্রুরা নির্ধারিত সময়ে বিমান বন্দরে আসতে পারেনি। ফলে বিলম্বিত হয়েছে করাচি বিমানবন্দরের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।
মার্চ মাসের ৯ তারিখে ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করে সরকার। বিরোধী কর্মীরা বলছেন, কয়েকদিন আগে লাহোরে ইফতেখারের সফরকে কেন্দ্র করে বিশাল গণসমাবেশে তার সমর্থক ও বিরোধী রাজনৈতিক কর্মীদের সমাগম দেখে ভয় পেয়েছে সরকার। তাই করাচিতে তার সফর ঠেকানোর চেষ্টা চালিয়েছে তারা।
