২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নির্যাতন, অপব্যবহারের বিরুদ্ধে মার্কিন সেনা কমান্ডারের হুঁশিয়ারি

ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস কোনোরকম নির্যাতন কিংবা মানবাধিকারের অপব্যবহার করা থেকে বিরত থাকা এবং আইন লঙ্ঘন না করার ব্যাপারে সেনাদের সতর্ক করে দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

পেন্টাগনের এক জরিপে বাগদাদে মার্কিন সেনাদেরকে ইরাকি নির্যাতনের ঘটনায় সমর্থন দিতে দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে পেত্রাউস এই হুঁশিয়ারি দিলেন। জরিপে দেখা যায়, বহু মার্কিন মেরিন ও স্থল সেনাই ইরাকি হত্যা ও নির্যাতনের ঘটনা অন্য কাউকে না জানিয়ে এ ব্যাপারে নীরব সমর্থন দিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সেনাদেরকে সতর্ক করে দিয়ে ১০ মে এক চিঠিতে পেত্রাউস লেখেন, “জনগণের নিরাপত্তা বিধানের ওপরই এ লড়াইয়ের সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে। আমাদেরকে বুঝতে হবে আমরা আমাদের শত্রু নই। এই বিবেচনা থেকেই নৈতিক মনোবল বাড়াতে হবে।” বাগদাদের নিরাপত্তা বিধানের মিশনে ফ্রেব্রুয়ারিতে ইরাকের মার্কিন বাহিনীর নতুন কমান্ডার নিযুক্ত হন পেত্রাউস।

এক পাতার ওই চিঠিতে পেত্রাউস লেখেন, “নির্যাতন করলেই দ্রুত তথ্য আদায় করা যাবে-এ যুক্তি ভুল। বরং এ ধরনের কার্যকলাপ অবৈধ। আর ইতিহাসের দিকে তাকালেও দেখা যায়, এ ধরনের পদক্ষেপ তেমন উপযোগী কিংবা প্রয়োজনীয়ও নয়।” রয়টার্স চিঠিটি প্রকাশ করেছে।

উল্লেখ্য, ইরাকে মার্কিন সেনাদের নির্যাতনের ঘটনায় সমর্থন দেয়ার তথ্য সম্বলিত জরিপের ফল প্রকাশ হয়েছে গত সপ্তাহে। এতে দেখা গেছে, মাত্র ৪০ মার্কিন মেরিন সেনা এবং ৫৫ শতাংশ স্থল সেনা মানবাধিকারের অপব্যবহার কিংবা নিহরীহ ইরাকিদের অত্যাচার, নির্যাতনের ঘটনা কাউকে বলার সদিচ্ছা দেখিয়েছে। আর এক তৃতীয়াশেরও বেশি সংখ্যক মার্কিন সেনা মনে করে ইরাকি বিদ্রোহিদের খোঁজ পেতে এবং মার্কিন সেনাদের জীবন বাঁচতে নির্যাতনের পন্থা অবলম্বন করতে দেওয়া উচিত।

কিন্তু পেত্রাউস বলেন, “বর্বর শত্রুর হাতে সহযোদ্ধাদের মরতে দেখলে দু:খ, হতাশা, ক্ষোভ এমনকী তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেয়ার স্পৃহাও জাগতে পারে। কিন্তু তারপরও বেসামরিক লোকজন এবং বন্দিদের সঙ্গে সেনাদের আন্তর্জাতিক আইন এবং মানদন্ড অনুযায়ীই আচরণ করা উচিত।”

এর আগে ইরাকের আবু গারিবে বন্দি নির্যাতনের ঘটনা এবং হাদিতা হত্যাকান্ডের ঘটনায় ইরাকে মার্কিন সেনাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। পেত্রাউস চিঠিতে লেখেন, “আমরা সেনা। আমরা মানুষও। কোনোরকম মানসিক চাপে থাকলে সেনাদের উচিত সহকর্মী কিংবা ডাক্তারের সঙ্গে কথা বলা।”