ব্রিটেনের ইরাক নীতি পাল্টানোর এখনই সময়: ব্রাউন
ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শুক্রবার বলেছেন, ইরাক নিয়ে নতুন কিছু চিন্তা করার পাশাপাশি ইরাক-নীতি পাল্টানোর এখনই সময়। তিনি আরও বলেন, ইরাক যুদ্ধে জড়িয়ে ব্রিটেন যে ভুল করেছে তা থেকে তিনি শিক্ষা নেবেন।
ব্রিটেনের পরবর্তী নেতার পদে প্রকাশ্যে প্রার্থীতা ঘোষণার পর ব্রিটেনের অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউন বলেন, “ইরাকে এখন রাজনৈতিক সংহতি গড়ে তোলা এবং অর্থনৈতিক উন্নয়নের দিকেই বেশি মনোযোগ দেয়া উচিত। যাতে ইরাকিরা ভবিষ্যৎ ঝুঁকির ভাবনা থেকে রেহাই পেতে পারে।”
আগামী কয়েক সপ্তাহে ইরাক সরকার ও জনগণের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান ব্রাউন। এরপরই তিনি ইরাক সম্পর্কে নতুন কিছু করার পরামর্শ দেবেন।
গত বৃহস্পতিবার গদত্যাগের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কয়েকমাসের জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন। ১০ বছরের প্রধানমন্ত্রীত্বের মধ্যে ইরাক যুদ্ধ সেনা পাঠানোর পর থেকেই ব্লেয়ারের জনসমর্থন ব্যাপকভাবে কমে আসে। শেষের দিকে নিজদল থেকেই পদত্যাগের প্রচণ্ড চাপের মুখে ছিলেন তিনি। বৃহস্পতিবার ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার সময়ও ইরাক-যুদ্ধবিরোধীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
ব্লেয়ারের উত্তরসূরী ব্রাউন আর এপথ মাড়াবেন না বলেই মনে করা হচ্ছে। ব্রাউন ক্ষমতায় এসেই অবিলম্বে ইরাক থেকে সেনা দেশে ফিরিয়ে আনবেন বলে জোর গুঞ্জন উঠেছে ব্রিটেনের গণমাধ্যমে। সেইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টিতেও তার মনোভাবের প্রতি যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখবে বলে মনে করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, “আগামী কয়েক মাসে ইরাকের প্রেক্ষপট পাল্টে যাবে। আমরা সেখানে রাজনৈতিক সংহতি এবং অর্থনৈতিক উন্নয়নের দিকেই মনোনিবেশ করব। ইরাকে যে ভুল হয়েছে তা আমি মানি। আগামী কয়েক সপ্তাহে আমি ইরাক সরকার এবং জনগণের কথামতোই কাজ করব।”
আগামী সপ্তাহে ব্রাউন মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ব্রিটিশ সেনাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন বলে জানান।
