২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামোস হোর্তার বিজয়ে স্থিতিশীলতা ফিরতে পারে পূর্ব তিমুরে

শান্তিতে নোবেল বিজয়ী হোসে রামোস-হোর্তা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় দেশটিতে শান্তি ও ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে সরকারি হিসেবে প্রায় ৭০ ভাগ ভোট পেয়েছেন রামোস-হোর্তা। ফলাফলের চূড়ান্ত সরকারি স্বীকৃতি এখনও না এলেও তার এবং তার প্রতিদ্বন্দ্বি ফ্রান্সিকো গুইতারেসের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হোর্তা। তিনি বলেছেন, শুধু তার দলের নয় এ বিজয় জনগণের ও গণতন্ত্রের।

নির্বাচন কমিশনের মুখপাত্র মারিয়া এঞ্জেলিনা সারমান্তো শুক্রবার জানিয়েছেন, বুধবারের নির্বাচনে ৬৯ ভাগ ভোট পেয়েছেন হোর্তা। ফ্রেতেলিন পার্টি নেতা ফ্রান্সিকো গুইতারেস পেয়েছেন ৩১ ভাগ ভোট। তবে নির্বাচনী ফলাফলকে দেশের সর্বোচ্চ আপিল আদালতের স্বীকৃতি পেতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা গত বুধবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন। যদিও এর আগে গত মাসের প্রথম দফা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল।

বিপুল ভোটে বিজয় নিশ্চিত হওয়ার পর রামোস হোর্তা বলেছেন, “ফ্রেতেলিন পার্টির সদস্যদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন মনে না করেন যে তারা হেরে গেছেন। আমি আগেই বলেছি, এ বিজয় জনগণের, এ বিজয় গণতন্ত্রের।”

অন্যদিকে, ফ্রেতেলিন পার্টির পরাজিত নেতা ফ্রান্সিসকো গুইতারেস বলেছেন, “ব্যক্তিগতভাবে নির্বাচনী ফলাফল মেনে নেব আমি। হেরে গেলেও খোলা মনেই পরাজয় বরণ করে নিতে আমি প্রস্তুত।” নিজের দলের সমর্থকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন গুইতারেস।

এদিকে, নির্বাচনী ফলাফল ঘোষণার পরও শুক্রবার রাজধানী দিলির পরিস্থিতি ছিল শান্ত। জয়ী অথবা পরাজিত দলের সমর্থকরা কোথাও কোনো বিক্ষোভ, আনন্দ উল্লাস বা কোনো ধরনের হল্লা করেছেন বলে খবর পাওয়া যায়নি।

বিপুল ভোটে রামোস হোর্তার এ বিজয়ের ফলে দেশটিতে শান্তি ও ঐক্য ফিরে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১৯৯৯ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এবং দু’বছর জাতিসংঘ তত্ত্বাবধানে থাকার পর পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করলেও দেশটিতে এখনও স্থিতিশীলতা আসেনি।

ইউনিভার্সিটি অফ তিমুর লেসতে’র বিশ্লেষক জুলিও থমাস বলেন,“রামোস হোর্তা পূর্ব তিমুরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানে কাজ করাসহ আলফ্রেডো রেইনাদোর ইসুটিও তিনি মোকাবেলা করতে সক্ষম হতে পারেন।”

সেনাবাহিনী পলাতক বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাদো পূর্ব তিমুরের পশ্চিমাঞ্চলে তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। এক বছর আগে সরকারি প্রসাশনের বিরুদ্ধে রেইনাদোর বিদ্রোহকে কেন্দ্র করে সহিংসতায় ৩৭ জন প্রাণ হারান এবং প্রায় দেড়লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। সারা দেশে নিজের জনপ্রিয়তাকে বিস্তৃত করতে এবং ধরে রাখতে রামোস হোর্তা বিদ্রোহী রেইনাদোর প্রতি কিছুটা নমনীয় নীতি অনুসরণ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

ক্ষমতা গ্রহণ করে এসব পরিস্থিতি সামলে উঠতে পারলে হোর্তার সামনে সবচেয় বড় চ্যালেঞ্জ হল দেশটির দরিদ্র জনগণের ভাগ্য পরিবর্তনে অর্থনৈতিক উন্নয়নের কাজে হাত দেওয়া। পশ্চিমপন্থী হিসেবে পরিচিত এ তিমুরী নেতা অবশ্য দেশটির প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে এবং বিদেশী বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে এ কাজ করার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন।