২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লেয়ারের বিদায়ের ঘোষণায় ইরাক যুদ্ধনীতিতে নিঃসঙ্গ বুশ

আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পদত্যাগের ঘোষণা দেওয়ার দিনটি ওয়াশিংটনে খুবই খারাপ কেটেছে প্রেসিডেন্ট বুশের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

১০ই মে নিজ নির্বাচনী এলাকা সেজফিল্ডে ব্লেয়ার যখন লেবার পার্টি প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছিলেন, ঠিক তখনই বুশ প্রশাসনকে আরও কোণঠাসা করে মার্কিন প্রতিনিধি পরিষদে ইরাক যুদ্ধের জন্য আংশিক ব্যয় বরাদ্দের নতুন বিল অনুমোদন করেন ডেমোক্রেটরা। এমন এক সময়ে যুদ্ধ রাজনীতির সহচর ব্লেয়ারকে হারাচ্ছেন বুশ যখন ইরাকে প্রতিদিনের ব্যর্থতায় আরেকটি ভিয়েতনামের দুঃস্বপ্ন মোকাবিলা আর নিজের ঘর সামলাতে হাঁসফাঁস করছেন তিনি।

নতুন বিলের মাধ্যমে প্রতিনিধি পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, ইরাকে অগ্রগতির রিপোর্ট না পাওয়া পর্যন্ত তহবিলের বাকী অংশ ছাড় দেবেন না তারা। যদিও বিলটি উত্থাপনের আগে থেকেই তাতে ভোটো দেওয়ার হুমকি দিয়ে আসছেন বুশ। কিন্তু এ হুমকি উপেক্ষা করেই ইরাক যুদ্ধ অবসানের সময়সীমা নির্ধারণের চেষ্টায় স্থির থেকেছেন ডেমোক্রেটরা। ঘরে বাইরের প্রবল চাপের মুখে রিপাবলিকানরাও আর সময় দিতে চাইছেন না বুশকে।

এদিকে, ক্রমশ জটিল হয়ে ওঠা ইরাক পরিস্থিতিকে আরেকটি ভিয়েতনামের আশঙ্কা হিসেবে দেখিয়ে আসন্ন নির্বাচনের মাঠ গরম করতেও নেমে গেছেন ডেমোক্রেটরা। অন্যদিকে, ইরাক যুদ্ধের দায় নিতে বাধ্য হওয়া রিপাবলিকানদের নিজেদের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য তেমন কোন ইস্যুই নেই। এ পরিস্থিতিতে বুশের ওপর আর আস্থা রাখতে পারছেন না রিপাবলিকান নেতারা। তাই অবিলম্বে ইরাক ইসুর একটি বিহিত করতে বুশের ওপর রিপাবলিকানদের চাপ এখন আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি।

রিপাবলিকান পার্টির নেতারা এখন প্রকাশ্যেই ইরাক যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছেন। প্রতিনিধি পরিষদে ইলিনয়েসের রিপাবলিকান সদস্য রে লা হুড সিএনএনকে বৃহস্পতিবার বলেছেন,“ যুদ্ধ নিয়ে বিপর্যস্ত হয়ে উঠেছে আমেরিকান জনগণ। তারা জানতে চায় যে সেখান (ইরাক) থেকে বেরোনোর কোনো পথ আছে কিনা। তার দেখতে চায় যে সেখানে সাফল্য পেয়েছি আমরা।”

লা হুডসহ মোট ১১ জন রিপাবলিকান সদস্যর একটি দল গত সপ্তাহে প্রেসিডেন্ট বুশের সঙ্গে আলাদাভাবে বিশেষ সাক্ষাৎ করেছেন নিজেদের নির্বাচনী এলাকায় যুদ্ধরাজনীতির প্রভাবসহ অন্যান্য বিষয়ে একান্ত আলোচনার জন্য।

তিন মাস ধরে প্রায় ৩০,০০০ সেনা বাড়ানোর মধ্য দিয়ে ইরাকে বুশ প্রশাসন সাফল্য পাচ্ছে কি না সেটা নিশ্চিত হতে চেয়েছেন নেতারা। তারা বলেছেন, প্রেসিডেন্টকে অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে অগ্রগতির নজির দেখাতে হবে। ২০০৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩,৩৭৭ জন মার্কিন সেনা নিহত হয়েছে ইরাকে। আহত হয়েছে আরও প্রায় ২৪,০০০ এরও বেশি সেনা।

এতো মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরাক যুদ্ধে ব্যর্থতারই দায় চাপছে বুশের ওপর। ইরাক যুদ্ধ নিয়ে এই কঠিন সময়ে ব্লেয়ারের বিদায়ঘন্টায় যেন নি:সঙ্গবোধেই ভূগছেন তিনি।

বৃহস্পতিবার টনি ব্লেয়ারকে অসাধারণ নেতা বলে প্রশংসা করেছে হোয়াইট হাউস। কিন্তু জুনে ব্লেয়ারের বিদায়ের পর ব্রিটেনের ইরাক নীতির কি হবে তা নিয়ে হোয়াইট হাউস ধাঁধায় আছে। বুশকে ভাবাচ্ছে এ বিষয়টিও।

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টম্বরে হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে প্রেসিডেন্ট বুশের সঙ্গে ব্লেয়ারের। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় ইউরোপীয় নেতাদের মধ্যে ব্লেয়ারই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোয় অগ্রগামী ভূমিকা পালন করেন। ওয়াশিংটনের সব মিত্র দেশের চেয়ে ব্লেয়ারই সবচে বেশি সেনা ইরাকে পাঠিয়েছিলেন।

বৃহস্পতিবার ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার পর হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো সকালের ব্রিফিংয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, “ টনি ব্লেয়ার ব্রিটেনের এক অসাধারণ নেতা। তিনি এবং প্রেসিডেন্ট বুশ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বন্ধুত্বের ঐতিহ্য রক্ষা করেছেন। এর একটি অসাধারণ কৌশলগত গুরুত্ব আছে।”

ব্লেয়ারের বিদায়ের পর ব্রিটেনের ইরাক নীতির কী হতে পারে সে সম্পর্কে øো কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, “এটি ব্রিটিশদের ব্যাপার। তাদেরকেই এটি জিজ্ঞেস করা যেতে পারে।”

হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা অবশ্য বলেছেন, তারা খুব শিগগিরই ইরাক নীতিতে কোনো পরিবর্তন আশা করছেন না। মার্কিন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক ব্লেয়ারকে মার্কিন জনগণের ভালো বন্ধু আখ্যা দেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আগামী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ শুরু করার জন্য অপেক্ষা করছে।