দলনেতা হওয়ার প্রচারাভিযানে নামছেন গর্ডন ব্রাউন
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার পর এবার শ্রমিক দলের নেতা হওয়ার প্রচারাভিযানে নামছেন অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউন। শুক্রবার থেকেই এই অভিযান শুরু করছেন তিনি।
দলনেতার পদে ব্লেয়ারের ইস্তফার পরপরই দলের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে এ প্রতিযোগিতায় ব্রাউনই জিতবেন এটি একরকম নিশ্চিত। দলের নেতা এবং উপ-নেতার নাম ২৪ জুনেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে শ্রমিক দল।
ব্রাউনের সঙ্গে দলনেতা হওয়ার প্রতিযোগিতায় নামতে পারেন বাম-পন্থী শ্রমিক দলীয় এমপি মাইকেল মিচার কিংবা জন ম্যাকডোনেল। দুজনের মধ্যে কে প্রতিযোগিতায় নামবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
শ্রমিক এমপিরা মিচার কিংবা ম্যাকডোনেলকে সমর্থন দিলে তা ব্রাউনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নেতা হওয়ার প্রতিযোগিতায় নামতে যে ৪৪ জন এমপির সমর্থন প্রয়োজন তা পাওয়ার ব্যাপারে মিচেল ও ম্যাকডোনাল দুজনই আশাবাদী।
এদিকে, ব্রাউন এতোদিন অধীর আগ্রহে ব্লেয়ারের বিদায়ের অপেক্ষায় ছিলেন। সমালোচকদের মতে, দুজনের মধ্যে বৈরি সম্পর্কের কারণে সরকারের কার্যকারিতা ক্ষুন্ন হয়েছে।
তবে ব্লেয়ার পদত্যাগের ঘোষণা দেয়ার পর ব্রাউন তার প্রশংসাই করেছেন। ব্লেয়ারের নানা অর্জনকে চমৎকার, নজিরবিহীন এবং টেকসই আখ্যা দেন তিনি। ওদিকে, ব্লেয়ারও পদত্যাগের ঘোষণা দেয়ার ক’দিন আগেই ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে ব্রাউনের ভুয়ষী প্রশংসা করেন।
এখন ব্লেয়ারের জায়গায় শ্রমিক দলের নেতা হলে ব্রাউনের প্রথম চ্যালেঞ্জই হবে দলের হৃত ভাবমূর্তি ফিরিয়ে আনাসহ জনসমর্থন বাড়ানো। সেইসঙ্গে জনমত জরীপে রক্ষণশীলদের টেক্কা দেওয়া।
উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনে ব্রিটিশ সেনা পাঠানোর পর থেকেই দেশে ব্লেয়ারের জনসমর্থন কমে আসে। গত সেপ্টেম্বরে ব্লেয়ার নিজদল থেকেই পদত্যাগের প্রচণ্ড চাপের মুখে পড়েন। দলের সদস্যরা একবছরের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেয়ার জন্য ব্লেয়ারকে চাপ দিতে থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ব্রাউনের পথ সুগম হয়।
