২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে দেয় কিছু সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ক্রমাবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে দেয় কিছু সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কলম্বোয় তিনদিনের সফর শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার বৃহস্পতিবার একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বাউচার বলেন, শ্রীলঙ্কায় অপহরণ ও হত্যার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় এবং এ নিয়ে সরকার ও তামিল বিদ্রোহীদের একে অপরের ওপর দোষারোপের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

কলম্বো ত্যাগের আগে সাংবাদিকদের তিনি বলেন, “দ্বীপটিতে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দুটি বিষয় আমাদের উদ্বিগ্ন করছে, একটি হলো অপহরণ ও হত্যা, আরেকটি হলো গণমাধ্যমের স্বাধীনতা।”

সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি পর্যবেক্ষণকারী নরওয়ের দূতরা সরকারি সেনাদের বিরুদ্ধে আইনবহির্ভূত হত্যা ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের অপর একটি পক্ষের হয়ে লড়াই করার জন্য শিশুদের অপহরণ করার অভিযোগ এনেছেন।

অন্যদিকে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধেও ধারাবাহিক অপহরণের অভিযোগ রয়েছে। এছাড়া বিদ্রোহীদের সংগঠন এলটিটিইকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে।

সরকার ও বিদ্রোহী পক্ষের মধ্যে চলমান সংঘাতের মাঝে বাউচার কলম্বো সফরে আসেন। তিনি বলেন, “শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সরকারি কার্যালয়ে এবং নিরাপত্তা বাহিনীতে কর্মরত ব্যক্তিদেরও নিজেদের আচরণ পরিবর্তনের দায়িত্ব রয়েছে। তাছাড়া, সরকারকে আধাসামরিক বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতে হবে যেন মানুষ আরও নিরাপত্তার মধ্যে বাস করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা সতর্কতার সঙ্গে শ্রীলঙ্কায় আমাদের কার্যক্রম পর্যালোচনা করছি। আমরা এটা ভেবে স্বস্তি পাচ্ছি যে দেশটির বাস্তুচ্যুত জনগণকে সাহায্য করার মতো অনেক ধরনের কার্যক্রম আছে আমাদের।”

“একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একটি যৌথ পরিকল্পনা আছে। এটা সামনে এগিয়ে নেওয়া যায়নি, কারণ এ দেশটির নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।”

শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বাউচার বলেন, দেশটির প্রবৃদ্ধি এখনও স্থিতিশীল। কিন্তু পর্যটকদের এদেশে আসা বাতিল করা, বিমান উড্ডয়ন বাধাগ্রস্ত হওয়া এবং ত্রাণ কার্যক্রম স্থগিত হওয়ার মতো সমস্যা এখনও রয়ে গেছে।

এদিকে গত সপ্তাহে একই ধরনের অভিযোগে ব্রিটেন শ্রীলঙ্কাকে দেয় ৩০ লাখ ডলারের ত্রাণ সাহায্য স্থগিত করে। তাদের অভিযোগ ছিল, শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সামরিক খাতে ব্যয় ক্রমশ বাড়ছে।