অবশেষে ইচ্ছেপূরণ হলো তার...
ন্যাশভিলে জেলের ভেতর ফিলিপ ওয়ার্কম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বুধবার। অপরাধ, এক ব্যক্তিকে হত্যা করেছিলেন তিনি।
মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জেল কর্তৃপক্ষ জানতে চেয়েছিল-অপরাধীর শেষ ইচ্ছা কী। ওয়ার্কম্যান বলেছিলেন, তার পরিবর্তে একজন গৃহহীন ব্যক্তিকে যেন সবজি দিয়ে তৈরি পিৎসা খাওয়ানো হয়।
জেল কর্তৃপক্ষ তার ইচ্ছা পূরণে অসম্মতি জানিয়েছিল। কারণ, জেলের খাবার বাইরে পাঠানোর নিয়ম নেই।
বুধবার প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগে ওয়ার্কম্যানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর স্থানীয় রেডিওতে তার সেই শেষ ইচ্ছার কথা প্রচারিত হয়েছিল। কথাটা হৃদয়ে নাড়া দিয়েছিল ন্যাশভিলের মানুষজনকে।
পরদিন বৃহস্পতিবার ন্যাশভিলের ইউনিয়ন রেসকিউ মিশনের ঠিকানায় এসে পৌঁছে ১৭০টি পিৎসা। সেখানে আসা ভবঘুরে লোকজন অন্তত একবেলার জন্য হলেও প্রাণভরে খেতে পেরেছিল বলে জানান মিশনের এক কর্মকর্তা।
এদিকে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মিনেসোটায় খবরটি পৌঁছানোর পর সেখানে বেপথু তরুণদের সেবায় নিয়োজিত আরেকটি প্রতিষ্ঠানের কাছে পিৎসা পাঠায় সভানুভূতিশীল লোকজন।
এ প্রসঙ্গে টেনেসির অপরাধী সংশোধন কর্তৃপক্ষের মুখপাত্র ডোরিন্দা কার্টার জানান, অপরাধীদের যত্ন নেওয়ার জন্য বিশেষ কিছু ক্ষেত্রে জনগণের দেওয়া করের অর্থ খবচ করা হয়। তবে ওয়ার্কম্যানের শেষ ইচ্ছা পূরণে আইনগতভাবে বাধ্য ছিল না জেল কর্তৃপক্ষ।
