ইরাক নিয়ে রিপাবলিকানদের তীব্র চাপের মুখে বুশ
ইরাক ইসু নিয়ে নিজদলে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন বুশ। আগামী সেপ্টেম্বরের মধ্যে ইরাক যুদ্ধে অগ্রগতি দেখাতে না পারলে বুশ রিপাবলিকানদের সমর্থন হারাবেন। একথা বুশকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন রিপাবলিকানরা।
বুশের ইরাক যুদ্ধের কারণেই গত নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ভরাডুবি হয়েছে রিপাবলিকান দলের। সামনে ২০০৮ সালে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনের আগে তাই আর কোনো ঝুঁকি নিতে চান না রিপাবলিকানরা। কিন্তু বুশের যুদ্ধকৌশল তারা চিন্তিত। অনেক রিপাবলিকানই ইতোমধ্যে তার এই নীতি নিয়ে প্রকাশ্যে সন্দেহ পোষণ করতে শুরু করেছেন।
ইলিনইসের রিপাবলিকান প্রতিনিধি রে লাহুদ ‘সিএনএন’ এ বৃহস্পতিবার বলেছেন, “ মার্কিনিরা যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত। তারা এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে চাইছে। যুদ্ধে সাফল্য আসছে কিনা তারা তা জানতে চায়।”
মঙ্গলবার হোয়াইট হাউসে বুশের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে বসা ১১ জন মধ্যপন্থী রিপাবলিকানের মধ্যে লাহুদও ছিলেন। ওই বৈঠকেই রিপাবলিকানরা সেপ্টেম্বরের মধ্যে বুশকে ইরাক যুদ্ধে সাফল্য তুলে ধরার আলটিমেটাম দিয়েছেন।
এদিকে, রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেটদের পক্ষ থেকেও বুশের ওপর চাপ বাড়ছে। বুশের ভেটো হুমকি অগ্রাহ্য করেই মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন যুদ্ধব্যয় বিল আনার তোড়জোড় চালাচ্ছেন ডেমোক্রেটরা। এই বিল পাস হলে বুশ এখনই পুরো যুদ্ধ খরচ হাতে পাবেন না। পাশাপাশি ইরাক থেকে সেনা ফেরানোর ব্যাপারে জুলাইয়ের মধ্যেই ভোট অনুষ্ঠানে বাধ্য হতে পারেন তিনি।
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট নেতারা বৃহস্পতিবার আগামী দুই থেকে তিন মাসে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধব্যয় মেটাতে ওই নতুন বিল পেশের সিদ্ধান্ত জানানোর পরই বুশ বুধবার এতে ভেটো দেয়ার হুমকি দেন। কিন্তু এতে মোটেও বিচলিত হননি ডেমোক্রেটরা।
যুদ্ধব্যয় নিয়ে তিন মাস ধরে ডেমোক্রেট ও হোয়াইট হাউজের মধ্যকার টানাপড়েনের মাঝেই তারা নতুন এই প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা স্টেনি হোয়ার এ বিল বৃহস্পতিবার সন্ধ্যায়ই প্রতিনিধি পরিষদে উত্থাপন করার কথা জানান। নতুন এই বিলের আওতায় বুশ যুদ্ধখরচের জন্য ৪২ দশমিক ৮ বিলিয়ন ডলার পাবেন।
এরপর জুলাইয়ে ইরাক যুদ্ধে হোয়াইট হাউজের অগ্রগতির রিপোর্ট বিবেচনা করে কংগ্রেস সেপ্টেম্বর নাগাদ সিদ্ধান্ত নেবে বুশকে অতিরিক্ত আরও ৫২ দশমিক ৮ বিলিয়ন যুদ্ধখরচ দেওয়া হবে নাকি এই অর্থ সেনা ফিরিয়ে আনার জন্য দেওয়া হবে।
কিন্তু বুশ কোনোরকম শর্ত ছাড়া এখনই পুরো যুদ্ধব্যয় হাতে পেতে চাইছেন। ওদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও ডেমোক্রেটদের দুইবারে যুদ্ধব্যয় দেয়ার পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “এতে পেন্টাগন বাজেট নিয়ে দুস্বপ্নের মুখে পড়বে।” সেকারণেই এই বিলে ভেটো দিতে তৎপর প্রেসিডেন্ট বুশ।
বুধবার বুশের সঙ্গে টর্নেডো দূর্গত কানসাস পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো সাংবাদিকদের বলেন, “তহবিলের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ এবং কিছু ব্যয়ের খাতও প্রথমবার ভেটো দেয়ার সময় তুলে ধরা হয়েছিলো। বিলে এখনো সেগুলো উল্লেখ রয়েছে।” বিলটি বর্তমানে যে অবস্থায় আছে প্রেসিডেন্ট বুশ তাতেই ভেটো দেবেন কিনা জিজ্ঞেস করা হলে স্নো বলেন “হ্যাঁ”।
এদিকে, বুশের এই হঁশিয়ারির মুখে পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, “আমাদের এই বিল সেনাদের জন্য অর্থায়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং যুদ্ধ শেষ করার পদক্ষেপ সম্বলিত একটি পূর্ণাঙ্গ বিল। আমাদের এই শুভ প্রচেষ্টায় প্রেসিডেন্ট কেবল আরেকবার ভেটো দেয়ারই প্রতিক্রিয়া জানালেন।”
উল্লেখ্য, ডেমোক্রেট দল প্রস্তাবিত ১২ হাজার ৪০০ কোটি ডলারের যুদ্ধব্যয় বিলে গত সপ্তাহে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ। ওই বিলে যুদ্ধব্যয় দেয়ার শর্ত হিসাবে ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল।
সে সময় বুশ জানান, সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত যেকোনো প্রস্তাবে তিনি ভেটো দেবেন।ওই প্রস্তাবে আগামী ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরুর দাবি জানানো হয়েছিল।
হোয়ার মঙ্গলবার বলেন, ইরাক ও আফগানিস্তানে চলমান যুদ্ধের খরচ মেটাতে বরাদ্দকৃত অর্থ শেষ হওয়ার আগেই তিন হাজার কোটি ডলারেরও বেশি অর্থ ছাড় করাতে চান ডেমোক্রেটরা। এছাড়া, যোদ্ধাদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেনা কার্যক্রম অব্যাহত রাখতে আরও এক হাজার কোটি ডলার ছাড়ের পরিকল্পনা করছেন তারা।
হাউজ অ্যাপ্রিসিয়েশন কমিটির প্রধান ও উইসকনসিন থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর ডেভিড ওবে ও পেনসিলভানিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর জন মুর্থা যৌথভাবে ওই প্রস্তাবটির খসড়া তৈরি করেছেন। ওবে বলেন, “এতে প্রেসিডেন্টের অনুরোধ অনুযায়ী, তার পরিকল্পনায় সফল হতে তাকে আরও দুমাস সময় দেওয়া হচ্ছে।”
এ সময়ের মধ্যে ১৩ জুলাই কংগ্রেসে দেওয়া ভাষণে ইরাক পরিস্থিতির কতোটা অগ্রগতি হচ্ছে তা জানাতে হবে বুশকে। এছাড়া, মার্কিন বাহিনীর কাছ থেকে ইরাকি বাহিনীর দায়িত্ব বুঝে নেওয়া, তেল থেকে অর্জিত আয় বণ্টন সংক্রান্ত আইন প্রণয়ন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরাক কী করছে সে সম্পর্কেও জানাতে হবে তাকে।
নতুন প্রস্তাব অনুযায়ী, বুশের ভাষণ পর্যালোচনা করতে কংগ্রেস সময় পাবে প্রায় ১০ দিন। এরপর জুলাই মাসের শেষ নাগাদ কংগ্রেস সিদ্ধান্ত নেবে, প্রায় পাঁচ হাজার কোটি ডলারের জরুরি যুদ্ধব্যয় সংক্রান্ত অর্থ অবিলম্বে ছাড় করা হবে, নাকি ইরাক থেকে সেনাদের ফিরিয়ে নিতে এ অর্থ ব্যয় হবে।
