বিদায়ী ব্লেয়ার ব্রিটেনের অসাধারণ নেতা: হোয়াইট হাউস
ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অসাধারণ নেতা বলে বৃহস্পতিবার প্রশংসা করেছে হোয়াইট হাউস। তবে জুনে ব্লেয়ারের বিদায়ের পর ব্রিটেনের ইরাক নীতি পরিবর্তনের ব্যাপারে হোয়াইট হাউস আগাম কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টম্বরে হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে প্রেসিডেন্ট বুশের সঙ্গে ব্লেয়ারের। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় ইউরোপীয় নেতাদের মধ্যে ব্লেয়ারই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোয় অগ্রগামী ভূমিকা পালন করেন। ওয়াশিংটনের সব মিত্র দেশের চেয়ে ব্লেয়ারই সবচে বেশি সেনা ইরাকে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার সিজফিল্ডে ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার পর হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো সকালের ব্রিফিংয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, টনি ব্লেয়ার ব্রিটেনের এক অসাধারণ নেতা। তিনি এবং প্রেসিডেন্ট বুশ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বন্ধুত্বের ঐতিহ্য রক্ষা করেছেন। এর একটি অসাধারণ কৌশলগত গুরুত্ব আছে।”
ব্লেয়ারের বিদায়ের পর ব্রিটেনের ইরাক নীতির কী হতে পারে সে সম্পর্কে øো কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, “এটি ব্রিটিশদের ব্যাপার। তাদেরকেই এটি জিজ্ঞেস করা যেতে পারে।”
হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা বলেছেন, তারা খুব শিগগিরি ইরাক নীতিতে কোনো পরিবর্তন আশা করছেন না। মার্কিন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক ব্লেয়ারকে মার্কিন জনগণের ভালো বন্ধু আখ্যা দেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আগামী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ শুরু করার জন্য অপেক্ষা করছে।
