ব্লেয়ারের বিদায় ভাষণের অংশবিশেষ
“আমি আবারো ফিরে এলাম আমার নির্বাচনী আসন সিজফিল্ডে। এখান থেকেই রাজনীতিতে আমার যাত্রা শুরু। এর শেষটাও এখানেই হওয়া উচিত। আজ আমি লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলাম। আগামী ২৭ জুন আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।”
‘আমি ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলাম। আজকের দুনিয়ায় এতদিন প্রধানমন্ত্রীত্বে থাকাটা খুবই দীর্ঘ সময় বলেই আমি মনে করি। আমার নিজের জন্য এবং বিশেষ করে দেশের জন্যও সময়টা খুবই দীর্ঘ। এতোদিনের এই ক্ষমতার বোঝায় তা এমনিতেই নুয়ে এসেছে।”
“ ১৯৯৭ সালের মুহূর্তগুলো ছিলো নবসূচনার। অতীতকে মুছে ফেলে এগিয়ে যাওয়ার সময় ছিল সেটি। প্রচণ্ডরকম উচ্চাশা ছিলো তখন। আমাদের যে কারও জন্যই সেটি ছিলো অসম্ভব রকমের উচ্চাশা। আর এখন ২০০৭ সালে আমরা সহজেই সমস্ত চ্যালেঞ্জ এবং ভুল-ত্রুটিগুলো চিহ্নিত করতে পারছি। বুঝতে পারছি এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ-দু:খও। কিন্তু ১৯৯৭ সালে ফিরে দেখুন। সত্যিকার অর্থেই ভেবে দেুখন, ভেবে দেখুন তখনকার জীবনযাত্রা মান আর এখনকার জীবনযাত্রা মান কেমন।”
“১৯৪৫ সাল থেকে মাত্র একটি সরকারই আছে যে সরকার বলতে পারে, আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, ভালো স্বাস্থ্য সেবা, উন্নত শিক্ষাব্যবস্থা, কম অপরাধ এবং সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি বয়ে আনার কথা। এ সরকারই সেই সরকার।”
“সব দোষত্রুটি নিয়েও এ দেশ কেবল অতীত নিয়ে গর্বই করতে পারে না বরং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার ব্যাপারেও আস্থা প্রকাশ করতে পারে।”
“আমি জানতাম প্রধানমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব দেশকে আগে প্রাধান্য দেয়া। এটা আমাকে শিখতে হয়েছে। দেশকে আগে প্রধান্য দিতে গেলে নিজে যেটা করা আসলেই ঠিক বলে মনে হয় সেটিই করতে হয়। ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হামলার পর আমি সিদ্ধান্ত নেই যে, আমাদের পুরোনো বন্ধুর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো উচিত। সেটি আমি আমার বিশ্বাস থেকেই করেছি।”
“ইরাক-এবং আফগানিস্তানে যুদ্ধের ক্ষেত্রে আমি মনে করেছি, আমাদের সন্ত্রাসীদের রুখে দাঁড়াতে হবে। কারণ, আমরা তাদের রুখে না দাঁড়ালে তারা আমাদের ছেড়ে দেবে না। এটি ছিলো আমাদের সদিচ্ছা এবং বিশ্বাসের পরীক্ষা। আমরা এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিতে পারি না।”
