মার্কিন অর্থনীতি প্রতিযোগিতামূলক, চীনের অর্জন বেশি
বিশ্বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সবচে’ বেশি প্রতিযোগিতার মুখে রয়েছে। কিন্তু চীন অর্থনৈতিক দিক থেকে লাভবান হচ্ছে বেশি। সুইজারল্যান্ড ভিত্তিক ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি) এক সমীক্ষায় বৃহস্পতিবার একথা বলেছে।
আইএমডির বার্ষিক ৫৫ টি দেশের ক্রমসূচক তালিকায় মার্কিন অর্থনীতির পরেই যথাক্রমে ২য় ও ৩য় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং হংকংয়ের অর্থনীতি। বিভিন্ন দেশের অর্থনৈতিক গতি-প্রকৃতি, সরকার পরিচলনায় দক্ষতা, ব্যবসায় সাফল্য এবং অবকাঠামোর অবস্থার ওপর ভিত্তি করে আইএমডি প্রতিবছর এই ক্রমতালিকা তৈরি করে থাকে।
তালিকার ১৫ তম স্থানে রয়েছে চীন। ২০০৭ সালে চীনের মতো অর্থনীতিতে বড় ধরনের অর্জনের খাতায় নাম লেখানো অন্য দেশগুলো হচ্ছে, জার্মানি, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ এবং সুইডেন। জাপান, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড এবং অস্ট্রিয়ায় অর্থনৈতিক অর্জন এবছর তেমন নয়।
ফ্রান্স এবং ইতালি রয়েছে তালিকার ২৮ এবং ৪২ তম স্থানে। আইএমডি’র প্রফেসর স্টিফেন গারেলি বলেছেন, “ব্যবসায় প্রতিযোগী হিসাবে রাশিয়া এবং ভারতের উত্থানে ইউরোপীয় এবং আমেরিকা শিবিরে অস্বস্তি দেখা দিতে পারে। তারা বিনা বাধায় নবাগতদের স্বাগত জানাবে না। ”
