২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন রোধে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ জাতিসংঘ কমিশন

পরস্পরের প্রতি আস্থার অভাব, জ্বালানি উৎপাদন ও গ্রীন হাউস গ্যাসসহ কার্বডাই অক্সইড নির্গমণ হ্রাস করা নিয়ে মতানৈক্যের কারণে জাতিসংঘের পরিবেশ বিষয়ক টেকসই উন্নয়ন কমিশনের বৈঠকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শুক্রবারের মধ্যেই বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন চুক্তিতে পৌঁছার কথা থাকলেও তা দুরূহ হয়ে উঠেছে। কূটনীতিকরা একথা জানিয়েছেন।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্টল্যান্ড বলেছেন, “কমিশনের সদস্য দেশগুলোর মন্ত্রীদের মধ্যে আস্থার ঘোরতর অভাব, সন্দেহ ও অবিশ্বাসের কারণে বিশ্ব উষ্ণায়ন নিয়ে বার্ষিক এই বৈঠক বিঘ্নিত হচ্ছে।”

সম্মেলনকালে বুধবার হারলেম বলেন, “ শিল্পোন্নত অনেক দেশেরই বদ্ধমূল ধারণা, বিশ্ব উষ্ণায়ন রোধে উন্নয়নশীল দেশগুলোর সদিচ্ছা নেই এবং তারা এক্ষেত্রে অবদান রাখছে খুব সামান্যই।”

বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রীণহাউস গ্যাস নির্গমণ রোধে যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ হয়নি। অথচ যুক্তরাষ্ট্র চায় চীন এবং ভারত প্রথমে একাজটি করুক। কিন্তু চীন আগে এ ব্যাপারে যুক্তরাষ্টকেই বাস্তবসম্মত পদক্ষেপ নিতে দেখতে চায়। যেমনটি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের তুলনায় ইইউ দেশগুলো কার্বন-ডাই অক্সাইড নির্গমণ এবং ফসিল ফুয়েলের বর্জ অনেক কমিয়ে এনেছে।

হারলেম আরও বলেন, “অনেক উন্নয়নশীল দেশেরই বদ্ধমূল ধারণা যে, শিল্পোন্নত দেশগুলো তাদেরকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহায়তা দেয়ার ব্যাপারে মনোযোগী নয়। সেকারণে অনেক দেশই বিশ্ব উষ্ণায়ন রোধের পদক্ষেপ বাস্তবায়নের ব্যয় নিয়ে উদ্বিগ্ন থাকার পাশাপাশি বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার ব্যাপারটি নিয়ে উৎকন্ঠায় আছে। একারণেই অন্য কাউকে বিশ্ব উষ্ণায়ন রোধের দায়-দায়িত্ব এড়িয়ে যেতে দেখে তারা এ ব্যাপারে কোনো বাধ্য-বাধকতা মেনে নিতে ইচ্ছুক নয়।”

হারলেম ১৯৮৭ সালে টেকসই উন্নয়নের ধারণা নিয়ে গড়ে ওঠা জাতিসংঘ পরিবেশ কমিশনের প্রধান। তিনি আরও বলেন, “উন্নয়নশীল দেশগুলো বিশ্ব উষ্ণায়ন রোধের পদক্ষেপ নিতে গিয়ে নিজেদের প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে। এ কারণেও বাধাগ্রস্ত হচ্ছে বৈঠকের মূল লক্ষ্য।”

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, এ বছর শেষে তিনি আবারো এক আলোচনায় বিশ্ব উষ্ণায়ন রোধে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে মতৈক্য প্রত্যাশা করছেন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে লাগোসে আগামী সেপ্টেম্বরের বৈঠকের জন্য বান তিনজন দূত নিয়োগ করেছেন। এদের মধ্যে রয়েছেন হারলেম, চিলির সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো লাগোস এবং দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হান সেউং সু।