২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন ব্লেয়ার

এক দশকের শাসনামলে ক্রমশ অজনপ্রিয় হয়ে ওঠা ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আগামী ২৭ জুন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে মন্ত্রিসভাকে জানিয়ে দিয়েছেন। ব্লেয়ারের পদত্যাগে ক্ষমতাসীন দলের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা দেখা দিলেও তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচিত হচ্ছেন অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন। ব্লেয়ারের অজনপ্রিয় হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা দেয় ২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধে মিত্র মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে তার অকুণ্ঠ সমর্থনদান। এ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে গত বছর সেপ্টেম্বর মাসে দলের ভেতর থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। এছাড়া, সম্প্রতি ব্রিটেনের স্থানীয় নির্বাচনেও ভরাডুবি ঘটে ব্লেয়ারের নেতৃত্বাধীন শ্রমিক দলের। (আরও তথ্যসহ)

মন্ত্রিসভার বৈঠক শেষে ব্লেয়ার উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী এলাকায় ট্রিমডনে যান। সেখানে দলের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি ১০ বছরের কিছুটা বেশি সময় ধরে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আমি মনে করি, এটা যথেষ্ঠ সময়, শুধু আমার জন্য নয়, দেশের জন্যও।”

অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছিল, তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই ব্লেয়ার শ্রমিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বিকল্প কাউকে বেছে নেবেন। অন্যদিকে, সরকারি আবাসস্থলে ব্লেয়ারের প্রতিবেশী অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন অধৈর্য হয়ে উঠেছিলেন ব্লেয়ারের সরে যাওয়ার অপেক্ষায়। সমালোচকদের ভাষায়, একই দল করলেও তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা সরকারের কার্যকারিতাকে অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত করেছে। অথচ, আঠার বছর পর ১৯৯৭ সালে শ্রমিক দলের ক্ষমতায় আসার পেছনে মূল ভূমিক পালন করেন ব্লেয়ার-ব্রাউন জুটি।

এদিকে বৃহস্পতিবার গার্ডিয়ান পত্রিকায় আইসিএমের একটি জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন ব্লেয়ার স্মরণীয় হয়ে থাকবেন পরিবর্তনের শক্তি হিসেবে, যদিও সবসময় এর ফলাফল ইতিবাচক ছিল না। অবশ্য তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন ৪৪ শতাংশ উত্তরদাতা।

ব্লেয়ারের এক দশকের শাসনকাল ছিল বিভিন্ন স্মরণীয় ঘটনায় পরিপূর্ণ। উত্তর আয়ারল্যান্ডে কয়েক দশকের সহিংসতার অবসান ঘটিয়ে ক্ষমতা ভাগাভাগিতে রাজি করাতে পেরেছেন তিনি বিবদমান দুই পক্ষকে। এছাড়া তিনি শ্রমিক দলকে পরপর তিনবার নির্বাচনে জিতিয়ে নিয়ে আসেন। তার দলের এই বিজয় ব্রিটেনের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বামপন্থী রাজনীতিবিদদের।

এদিকে, দায়িত্ব পালনরত অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যা ব্রিটিনের ইতিহাসে এ ধরনের দ্বিতীয় ঘটনা। তবে একদিক থেকে তিনি এগিয়ে আছেন, সেটা হলো তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ওই অভিযোগ ওঠায় ক্ষমতায় থাকাকালেই পুলিশের জেরার মুখোমুখি হন।

দলে ব্লেয়ারের একমাত্র যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচিত ব্রাউন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ব্রিটেনকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন তিনি। তার মন্ত্রীত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সুদের হার নির্ধারণের সিদ্ধান্ত কেন্দ্রিয় ব্যাংকের হাতে ছেড়ে দেওয়া।

ব্রিটেনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা ২০০৯ সালে। তবে প্রধানমন্ত্রী হলে ২০১০ সালের মে মাসের আগে ব্রাউনকে সাধারণ নির্বাচন দিতে হবে না। এরপরও তার সামনে বড় বড় কিছু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। যেমন, শ্রমিক দলের হারানো গৌরব পুনরুদ্ধারে অনেক পরিশ্রম করতে হবে তাকে, যাতে আগামী নির্বাচনের আগে জনমত জরিপে দলকে বিরোধী রক্ষণশীলদের তুলনায় এগিয়ে রাখতে পারেন তিনি।