পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রামোস-হোর্তা
পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী হোসে রামোস-হোর্তা দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন। দেশটির নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানায় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফল অনুযায়ী প্রথম স্থানে আছেন রামোস-হোর্তা।
দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা কমিশনকে সমর্থন করে বিপুল ভোটে হোর্তার এগিয়ে থাকার কথা জানিয়েছে।
নির্বাচন কমিশনের মুখপাত্র মারিয়া এঞ্জেলিনা সারমান্তো সাংবাদিকদের বলেছেন, “এক কথায় বলা যেতে পারে, রামোস-হোর্তা প্রথম স্থানে আছেন।”
দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘সুয়ারা তিমুর লোরোসি’ তাদের নিজস্ব সূত্র উল্লেখ করে বলেছে, বিপুল ভোটে এগিয়ে আছেন রামোস-হোর্তা। তাদের হিসেব অনুসারে ফ্রান্সিসকো গুতেরেসের ৩৪ হাজার ১৬৩ ভোটের বিপরীতে এক লাখ দুই হাজার ৪৮১ ভোট পেয়ে এগিয়ে আছেন হোসে রামোস-হোর্তা। ১৩টি জেলার মধ্যে ১১টি জেলার ভোট কেন্দ্রে নিজেদের গণনার কথা উল্লেখ করে এ তথ্য দিয়েছে পত্রিকাটি।
শুক্রবার সন্ধ্যার আগে আনুষ্ঠানিক প্রাথমিক ফলাফল ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রামোস-হোর্তা এবং ক্ষমতাসীন ফ্রেতেলিন পার্টির প্রধান গুতেরেস প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেলেও মোট আট প্রার্থীর কেউই উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনের প্রয়োজন হয়।
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বর্তমান প্রেসিডেন্ট সানানা গুসমাও এখন প্রধানমন্ত্রীর পদের জন্য লড়বেন।
হোসে রামোস-হোর্তাকে অনেক বেশি পশ্চিম ঘেঁষা এবং অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষের বলে মনে করা হয়। অন্যদিকে, ফ্রেতেলিন পার্টি নেতা গুতেরেস জাতীয়তাবাদী এবং অনেকটা বামপন্থী হিসেবে পরিচিত। তবে দুই নেতাই দেশে ব্যাপক বৈদেশিক বিনিয়োগের অঙ্গীকার করেছেন।
