পাকিস্তানের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় জাতিসংঘের তৎপরতা বন্ধ
নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ তৎপরতা বন্ধ রেখেছে জাতিসংঘ।
পাকিস্তানি কাশ্মিরের বাঘ জেলায় জাতিসংঘের কর্মীদের বাসস্থান পুড়িয়ে দেওয়া পর বিশ্ব সংস্থাটি এ সিদ্ধান্ত নেয় বলে এর এক কর্মকর্তা বুধবার জানান।
২০০৫ সালের অক্টোবরে পাহাড়ি ওই এলাকায় সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ৭৩ হাজার মানুষ নিহত হওয়ার পর সেখানে ত্রাণ তৎপরতা শুরু করে জাতিসংঘ।
জাতিসংঘের তথ্য কর্মকর্তা রাবেয়া আমজাদ জানান, গত সোমবার জাতিসংঘের কর্মীদের বাসস্থানটি পুড়িয়ে দেওয়া হয়। তবে এতে কেউ আহত হননি।
জাতিসংঘের ছয়টি সংস্থা এবং এদের ৮৩ জন কর্মীকে দুই সপ্তাহের জন্য বাঘ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে রাবেয়া জানান।
তিনি বলেন, “আমরা জানি না কাজটা কে করেছে, তবে এলাকার লোকজনের মধ্যে অনেকেই আছেন যারা চান না আমরা এখানে কাজ করি।”
রক্ষণশীল মুসলিম অধ্যুষিত ওই এলাকার লোকজন জাতিসংঘের নারী ত্রাণ কর্মী এবং ত্রাণ সংস্থাগুলোতে নারীদের চাকরি দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। এছাড়া, অনেকে চাকরি চেয়ে না পেয়েও জাতিসংঘের কর্মীদের ওপর ক্ষুব্ধ ছিল বলে ত্রাণ কর্মীরা জানান।
