২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক সঙ্কট নিরসনে বুশের হস্তক্ষেপের আহ্বান ডেমোক্রেটদের

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট পল উলফোভিজকে নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষার জন্য বুধবার প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেট নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2007, 11:57 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

উলফোভিজের ভাগ্য নির্ধারণে শুক্রবার ব্যাংকের পরিচালনা পরিষদের ভোট গ্রহণের প্রাক্কালে ডেমোক্রেট নেতারা এ আহ্বান জানালেন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড এবং ডেমোক্রেট সিনেটর প্যাটি মুরাই, রিচার্ড ডারবিন ও চার্লস সুমার প্রেসিডেন্ট বুশের কাছে লেখা এক চিঠিতে সতর্ক করে বলেছেন, উলফোভিজকে ঘিরে এ সঙ্কটে সংস্থাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করছে। বিশেষত, বিশ্ব ব্যংক প্রধানের পদটিতে নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রথাগত ভূমিকাকে ক্ষুন্ন করছে এ বিতর্ক।

অন্যান্য শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতাদের সঙ্গে সুর মিলিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী বিল রিচার্ডসন এবং জন এডওয়ার্ডস প্রেসিডেন্ট বুশকে বলেছেন, “এ বিষয়ে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণে আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”

এদিকে ব্যাংকের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ, বান্ধবী শাহা রিজাকে পদোন্নতি ও অনৈতিক আর্থিক সুবিধা দেওয়ার কেলেঙ্কারিতে ব্যাংক প্রধান উলফোভিজের ভাগ্য নির্ধারণে শুক্রবার ভোট গ্রহণ করবে ব্যাংকের ২৪ জাতির পরিচালনা পরিষদ।

এ ভোটকে কেন্দ্র করে এর মধ্যেই বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি জার্মানিসহ ইউরোপীয় দেশগুলো উলফোভিজের পদত্যাগের জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র কানাডাসহ কিছু এশীয় ও আফ্রিকান দেশ সমর্থন দিয়ে যাচ্ছে তাকে।

বিশ্ব ব্যাংকের ৬২ বছরের ইতিহাসে এ ধরনের কোনো ঘটনা না থাকায় ব্যাংক প্রধানকে বরখাস্ত করার কোনো বিধান নেই। পরিচালনা পরিষদের ভোট কিংবা সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতে তাকে অপসারণ করতে হবে।

বুশের কাছে লেখা চিঠিতে ডেমোক্রেট নেতারা বলেন, “আমরা মনে করি না যে এ ধরনের ভোট ব্যাংকের লক্ষ্য কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে।”

এদিকে সাবেক পেন্টাগন কর্মকর্তা উলফোভিজের প্রতি বুশ প্রশাসনের সমর্থন পুনর্ব্যক্ত করে হোয়াইট হাউজ মুখপাত্র টনি স্নো বুধবার বলেছেন, “আমরা এখনও তাকে পুরোপুরি সমর্থন করি।”