আসন্ন নতুন যুদ্ধব্যয় বিলেও ভেটো দেবেন বুশ
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট নেতারা আগামী দুই থেকে তিন মাস ইরাক ও আফগানিস্তানে যুদ্ধব্যয় মেটাতে যে নতুন পরিকল্পনা পেশের সিদ্ধান্ত নিয়েছেন তাতেও ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো বুধবার একথা জানিয়েছেন।
এ সংক্রান্ত বিলটি বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা স্টেনি হোয়ার। যুদ্ধব্যয় নিয়ে তিন মাস ধরে ডেমোক্রেট ও হোয়াইট হাউজের মধ্যকার টানাপড়েনের মাঝে নতুন বিলটি পেশ করা হবে।
বুশের সঙ্গে টর্নেডো দূর্গত কানসাস পরিদর্শনে যাওয়ার প্রক্কালে সাংবাদিকদের øো বলেন, “তহবিলের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ এবং কিছু ব্যয়ের খাতও প্রথমবার ভেটো দেয়ার সময় তুলে ধরা হয়েছিলো। বিলে এখনো সেগুলো উল্লেখ রয়েছে।”
বিলটি বর্তমানে যে অবস্থায় আছে প্রেসিডেন্ট বুশ তাতেই ভেটো দেবেন কিনা জিজ্ঞেস করা হলে øো বলেন “হ্যাঁ”।
উল্লেখ্য, ডেমোক্রেট দল প্রস্তাবিত ১২ হাজার ৪০০ কোটি ডলারের যুদ্ধব্যয় বিলে গত সপ্তাহে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ। ওই বিলে যুদ্ধব্যয় দেয়ার শর্ত হিসাবে ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা ফিরিয়ে আনার শর্ত দেয়া হয়েছিল।
সে সময় বুশ জানান, সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত যেকোনো প্রস্তাবে তিনি ভেটো দেবেন।ওই প্রস্তাবে আগামী ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরুর দাবি জানানো হয়েছিল।
হোয়ার মঙ্গলবার বলেন, ইরাক ও আফগানিস্তানে চলমান যুদ্ধের খরচ মেটাতে বরাদ্দকৃত অর্থ শেষ হওয়ার আগেই তিন হাজার কোটি ডলারেরও বেশি অর্থ ছাড় করাতে চান ডেমোক্রেটরা। এছাড়া, যোদ্ধাদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেনা কার্যক্রম অব্যাহত রাখতে আরও এক হাজার কোটি ডলার ছাড়ের পরিকল্পনা করছেন তারা।
হাউজ অ্যাপ্রিসিয়েশন কমিটির প্রধান ও উইসকনসিন থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর ডেভিড ওবে ও পেনসিলভানিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর জন মুর্থা যৌথভাবে ওই প্রস্তাবটির খসড়া তৈরি করেছেন। ওবে বলেন, “এতে প্রেসিডেন্টের অনুরোধ অনুযায়ী, তার পরিকল্পনায় সফল হতে তাকে আরও দুমাস সময় দেওয়া হচ্ছে।”
এ সময়ের মধ্যে ১৩ জুলাই কংগ্রেসে দেওয়া ভাষণে ইরাক পরিস্থিতির কতোটা অগ্রগতি হচ্ছে তা জানাতে হবে বুশকে। এছাড়া, মার্কিন বাহিনীর কাছ থেকে ইরাকি বাহিনীর দায়িত্ব বুঝে নেওয়া, তেল থেকে অর্জিত আয় বণ্টন সংক্রান্ত আইন প্রণয়ন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরাক কী করছে সে সম্পর্কেও জানাতে হবে তাকে।
নতুন প্রস্তাব অনুযায়ী, বুশের ভাষণ পর্যালোচনা করতে কংগ্রেস সময় পাবে প্রায় ১০ দিন। এরপর জুলাই মাসের শেষ নাগাদ কংগ্রেস সিদ্ধান্ত নেবে, প্রায় পাঁচ হাজার কোটি ডলারের জরুরি যুদ্ধব্যয় সংক্রান্ত অর্থ অবিলম্বে ছাড় করা হবে, নাকি ইরাক থেকে সেনাদের ফিরিয়ে নিতে এ অর্থ ব্যয় হবে।
