২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিল পূর্ব তিমুরবাসী
পূর্ব তিমুরে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার ভোট দিয়েছে ভোটাররা। এখন ভোট গণনা চলছে। এর মধ্য দিয়ে পূর্বতিমুরের স্বাধীনতা লড়াইয়ের যোদ্ধা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই প্রতিদ্বন্দ্বী প্রর্থীর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার দৌড়।
প্রধানমন্ত্রী জোসে রামোস হোর্তা এবং সাবেক গেরিলা ফ্রান্সিসকো গুয়েট্রেস দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। পূর্ব তিমুরে একমাস আগে অনুষ্ঠিত প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় চরম অস্থিতিশলিতা দেখা দেয়। উপরন্তু কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আবার দ্বিতীয় দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
এবারে ভোটের সময় রাজধানী দিলি ছিলো শান্ত। জাতিসংঘ পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জনগণ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আলবিনা পেরেইরা নামক এক ভোটারের উক্তি, “আমি দেশের ভবিষ্যতের জন্য ভোট দিয়েছি। নতুন প্রেসিডেন্ট পূর্ব তিমুরকে আরও সামনে এগিয়ে নেবে এটাই আমার প্রত্যাশা।”
প্রথম দফা নির্বাচনে রামোস হোর্তা এবং গুয়েট্রেস দুজনই বেশির ভাগ ভোট পেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো ৮ প্রার্থীর কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় ২য় দফা নির্বাচনের আয়োজন করা হয়।
ভোটের প্রথমিক ফলাফল শুক্রবার সন্ধ্যা নাগাদ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে ভোটে কে জয়ী হচ্ছেন সে ধারণা তার আগেই পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে।
