বাগদাদে চেনির আকস্মিক সফর, অরবিলে বোমা হামলায় নিহত ১৯
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বুধবার আকষ্মিক সফরে বাগদাদ গেছেন। ইতোমধ্যে ইরাকি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ইরাকে দাঙ্গা-সহিংসতা নিরসনে অগ্রগতির জন্য নেতাদের চাপ দেয়াই তার এ সফরের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে চেনি বাগদাদে অঘোষিত এই সফরে গেলেন। এরইমধ্যে অরবিলে বোমা হামলার ঘটনায় নিহত হয়েছে অন্ততপক্ষে ১৯ জন এবং আহত হয়েছে ৮৭ জন। ইরাকের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ কুর্দি অঞ্চলে ঘটেছে এই ট্রাক বোমা হামলার ঘটনা।
ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির ক্ষমতা ভাগাভাগি চুক্তি করা এবং সহিংসতা সামাল দিতে ব্যর্থতায় যুক্তরাষ্ট্র যে ধৈর্য হারাচ্ছে, চেনির এই সফর যেন তারই ইঙ্গিত। বাগদাদের সুরক্ষা ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্রের আরও ৩৫ হাজার সেনা পাঠানোর ঘোষণার পরপরই চেনি এই সফর করলেন।
ইরাক মিশনের দায়িত্বে নিয়োজিত মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেতরাউস জানিয়েছেন, বাগদাদে পদার্পণ করেই চেনি তার (পেতরাউস) সঙ্গে এবং ইরাকের মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের সঙ্গে বৈঠক করেছেন। পেতরাউসের সঙ্গে বৈঠকের আগে চেনি বলেন, “সময়টি গুরুত্বপূর্ণ। এ সময়ে অনেক কিছু নিয়েই কথা বলার আছে।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে চাব বছরব্যাপী যুদ্ধে অগ্রগতি দেখানোর জন্য ডেমেক্রেটদের কাছ থেকে সম্প্রতি প্রচণ্ড চাপের মুখে আছেন। ইরাকে শিয়া-সুন্নি দাঙ্গা নিরসনের শেষ চেষ্টা হিসাবে বুশ নিরাপত্তা অভিযানের জন্য বাগদাদে ৩০ হাজারেরও বেশি অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন।
ইরাকে সহিংসতায় প্রতিদিনই মার্কিন সেনা মারা যাওয়ার ঘটনায় মার্কিন কর্মকর্তারা ইরাকের পার্লামেন্টের কাছে দুমাসের গ্রীষ্মের ছুটি বাতিলের অনুরোধ জানিয়েছেন।
এই ছুটি বাতিলে ইরাকের পার্লামেন্টকে রাজি করাও চেনির ইরাক সফরের আরেকটি উদ্দেশ্য। পেতরাউস গত মাসে অভিযোগ করে বলেছিলেন, মালিকির মন্ত্রীসভার মন্ত্রীদের কর্মসূািচ অত্যন্ত সংকীর্ণ। এই মন্ত্রীসভা সেপ্টেম্বরে সেনা বাড়ানোর প্রয়োজনীয়তার ব্যাপারে একটিরিপোর্ট দেবে বলে মনে করা হচ্ছে।
চেনির বাগদাদে পৌঁছানোর দিনেই ইউএসএটুডে/গ্যালোপ জরীপে ইরাক থেকে সেনা ফেরানোর ব্যাপারে মার্কিন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ১০ জনে ৬ জন মার্কিনিই ইরাক থেকে সেনা প্রত্যাহারের দিণ নির্ধারণের পক্ষে। আবার আনেক মার্কিনিই ইরাক থেকে সেনা সরানো হলে সেখানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
