২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে জুনে: যুক্তরাষ্ট্র

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আন্তর্জাতিক দাবি উপেক্ষা করতে থাকলে তারা জুনে আরও কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে পড়বে। পররাষ্ট্র বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস বুধবার একথা বলেছেন। বার্লিনে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের বার্নস বলেন, “ইরান আলোচনায় বসতে রাজি না হলে আগামী জুন মাসে তাদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে তৃতীয় দফা কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাব আনা হবে।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2007, 04:02 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বার্নস ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে দেননি। তবে তিনি বলেন, “জুনের শুরুতে জি-৮ সম্মেলনের আগেই তেহরান আন্তর্জাতিক দাবি মানার পথে না এগুলে ইরানে নিষেধাজ্ঞা আরও বাড়ানোর সময় হয়ে আসবে।”

ইরানের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিশ্বশক্তিগুলোর বৈঠকে যোগ দিতে বুধবার বার্লিনে যান বার্নস।

বিশ্বের শক্তিধর দেশগুলো বুধবার ইরানের ওপর আগের চেয়ে আরও কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। এর লক্ষ্য ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট বুশ কূটনৈতিক পন্থায় ইরান সঙ্কট দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও তিনি সেখানে সামরিক হামলার চালানোর বিকল্প পথটিও মাথায় রাখবেন।

কিন্তু ইরান বুধবার আবারো স্পষ্ট করে জানিয়েছে, তারা পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কারণ, এ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হচ্ছে।

ইরানের এই অনঢ় অবস্থানের জন্য জাতিসংঘ এর আগে দুবার তেহরানে সীমিত আকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এবার জাতিসংঘের ৫ স্থায়ী সদস্যদেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে জার্মানিও ইরানে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে উদ্যত হয়েছে। বালির্নে সম্মেলনে দেশগুলোর এ নিয়ে আলোচনা করার কথা।

কূটনীতিকরা বলছেন, ইরানের ওপর ভবিষ্যৎ নিষেধাজ্ঞার আওতায় ওই দেশের আরও বহু ব্যাংক জাতিসংঘের কালো তালিকাভুক্ত করা হবে।

জি-৮ এর নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশগুলোর রাজনৈতিক পরিচালকরাও ইরান প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন কূটনীতিকরা।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, ইরান জাতিসংঘের প্রস্তাবনা না মানলে জি-৮ দেশটির ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপে সমর্থন দেবে।

জি-৮ এর বর্তমান প্রেসিডেন্ট জার্মাানি। এর অন্যান্য সদস্যরা হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, কানাডা এবং জাপান।

কূটনীতিকরা জানান, ইরানে ইতোমধ্যেই যে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে তা তেহরানের অর্থনীতিতে বিরূপ ফেলছে-এ খবরে বিশ্বশক্তিগুলো সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার বলেছেন, জাতিসংঘ নিষেধাজ্ঞা ইরানে কোনো প্রভাবই ফেলতে পারেনি।