বুশকে এক হাত নিলেন রানী এলিজাবেথ
প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে এক হাত নিলেন রানী এলিজাবেথ। এমনিতেই বুশের বদনাম আছে ভরা মজলিশে ভুল বকার।
গত সোমবার হোয়াইট হাউজে ব্রিটেনের রানীর সম্মানে আয়োজিত এক নৈশভোজে তার সঙ্গে দেখা হওয়ার পর তাকে ধন্যবাদ জানাতে দেওয়া এক বক্তৃতায় তেমনি এক ভুল করেছিলেন বুশ। দুদেশের সহযোগিতার দীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে রানীকে পাঠিয়ে দিয়েছিলেন আঠারো শতকে। বলেছিলেন, “১৭ শতকে... (তারপর সামলে নিয়ে) ১৯৭৬ সালে আমাদের দুশো বছর পূর্তি উদযাপনে আপনার সহায়তা পেয়েছিলাম আমরা।”
যুক্তরাষ্ট্রে রানীর আগমন উপলক্ষে এরপর মঙ্গলবার রাতে ব্রিটিশ রাষ্ট্রদুত ডেভিড ম্যানিঙের বাসায় আয়োজন করা হয়েছিল আরেকটি নৈশভোজের। নৈশভোজ শুরুর মুহূর্তে রানী বুশের সেই ভুল বকার বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে বলেন, “আমি ঠিক বুঝতে পারছি না, আমি কি ১৭৭৬ সালে যখন এসেছিলাম, সেই কথাটা দিয়েই আমার বক্তব্য শুরু করব কী না।”
রানীর এই জবাবে নৈশভোজে আমন্ত্রিত ১০৪ জন অতিথির সবাই হাসিতে ফেটে পড়েন। এমনকি প্রেসিডেন্ট বুশও হাসতে হাসতে স্বীকার করেন, “মহামান্য রানী, এর জবাব আমার কাছে নেই।”
