ইরানে সামরিক হামলার পথ খোলা রাখবেন বুশ: রাইস
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানের সঙ্গে কূটনৈতিক পন্থায় পরমাণু কর্মসূচি সমস্যা সমাধানের চেষ্টা চালালেও তেহরানে সামরিক হামলার চালানোর বিকল্প পথটিও মাথায় রাখবেন তিনি।
দুবাইয়ের আল-এরাবিয়া টেলিভিশনে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস একথা বলেন। মঙ্গলবার তার এই সাক্ষাৎকার প্রচার করা হয়।
রাইস বলেন, “ইরানে সামরিক হামলা চালানোর সম্ভাবনা বুশ কখনোই বাতিল করবেন না। তবে আমরা চাই না তিনি এ পথ অবলম্বন করুন।”
পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করে ইরান পশ্চিমাদের সঙ্গে বিরোধে জড়িয়েছে। পশ্চিমা বিশ্বের ধারণা ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই চালানো হচ্ছে।
ইরানকে এ কর্মসূচি বন্ধে বাধ্য করতে জাতিসংঘ দেশটির ওপর ২ দফা নিষেধাজ্ঞা আরোপ করার পরও তেহরান ওই কর্মসূচি থেকে সরে না আসার অঙ্গীকার করেছে। ইরানের এই অনঢ় অবস্থানের মুখে নতুন করে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ। কিন্তু এ হুমকিও উপেক্ষা করেছে ইরান।
ইরানের এই একগুঁয়েমি মনোভাবের পাল্টা প্রতিক্রিয়াতেই রাইস সেখানে মার্কিন হামলার সম্ভাবনার ব্যাপারে তেহরানকে সতর্ক করলেন বলে মনে করা হচ্ছে।
আরবি ভাষায় অনুবাদ করা বক্তব্যে রাইস বলেন, বুশ ইরানের সঙ্গে কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানেই প্রতিশ্রুতিবদ্ধ। আর বিশ্ব এক্ষেত্রে
তার পাশে দাঁড়ালে কূটনৈতিক পন্থা সফল হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি মত ব্যক্ত করেন।
রাইস আরও বলেন, আমি ইরানিদের বলছি তাদের সামনে দুটো পথই খোলা আছে, হয় আলোচনা চালিয়ে যাওয়া নয়ত একঘরে হওয়া।
ইরান নমনীয় হলে এবং পরমাণু কর্মসূচি বন্ধ করলে যুক্তরাষ্ট্র বৈরি ইরান-নীতি পরিবর্তন করতে পারে বলেও আভাস দেন রাইস।
