তাইওয়ানের পার্লামেন্টে আবারও হাতাহাতি
একটি বিল নিয়ে একমত হতে না পারায় পার্লামেন্টের ভেতর আবারও হাতাহাতি করেছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। এ সময় তারা একে অপরের দিকে পানি ও কাগজের স্তুপ ছুড়ে মারেন, ঘুষোঘুষি পর্যন্ত করেন। ফলে ২০০৭ সালের বার্ষিক বাজেট অনুমোদনের বিষয়টি আবারও পিছিয়ে যায়।
কেন্দ্রিয় নির্বাচন কমিশন সংস্কার করা নিয়ে মঙ্গলবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ও প্রধান বিরোধী দল ন্যাশনালিস্ট পার্টি বা কুয়োমিনটাঙের (কেএমটি) মধ্যে বিতর্ক শুরু হয়। কমিশন সংস্কারের প্রস্তাবটি উত্থাপন করেছিল কুয়োমিনটাঙ। ডিপিপির আইনপ্রণেতারা অভিযোগ করেন, বার্ষিক বাজেট যেন সময়মতো অনুমোদিত না হয় সেজন্য কুয়োমিনটাং ওই প্রস্তাব উত্তাপন করেছে।
খবরে জানা যায়, এ সময় দুই দলের আইনপ্রণেতারা স্পিকারের বসার জায়গায় উঠে পড়েন এবং কুস্তি লড়তে লড়তে একে অন্যের কাপড় ধরে টানাটানি করতে থাকেন। এ সময় অন্তত একজন টেবিল থেকে পড়ে গিয়ে আঘাত পান।
তাইওয়ানে পার্লামেন্টের ভেতর আইনপ্রণেতাদের হাতাহাতির ঘটনা নতুন নয়। এ বছরের প্রথম দিকে কয়েক ডজন আইনপ্রণেতা একই ধরনের আরেকটি বিল নিয়ে বিতর্কে লিপ্ত হওয়ার পর একে অপরের দিকে জুতা ছুড়ে মারেন এবং পরনের টাই ধরে টানাটানি শুরু করেন। এমনকি একে অপরের দিকে খাবারের বাক্স এবং মাইক্রোফোন ছোড়াছুড়ি করার ঘটনাও ঘটেছে তাইওয়ানের পার্লামেন্টে!
