২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের মাওবাদীদের প্রতি শিশু-সেনা মুক্তির আহ্বান

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নেপালের মাওবাদীদের প্রতি দলে ভেড়োনো হাজার হাজার শিশু সেনাকে মুক্তি দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করার আহ্বান জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 03:25 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শান্তিচুক্তি করে সরকারে যোগ দেওয়ায় মাওবাদীদের এখন দ্রুত এ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানায়।

হিউম্যান রাইটস ওয়াচের হিসাবমতে, জাতিসংঘের তত্ত্বাবধানে ২৮ টি শিবিরে থাকা মাওবাদী গেরিলার মধ্যে প্রায় ৬,০০০ থেকে ৯,০০০ গেরিলার বয়স ১৮ বছরের কম।

নভেম্বরে নেপাল সরকারের সঙ্গে শান্তি চুক্তির পর জাতিসংঘের কাছে প্রায় ৩১,০০০ গেরিলার নাম নথিভুক্ত করে মাওবাদীরা।

সংস্থাটির শিশু বিষয়ক আইনজীবি জো বেকার বলেন,“ শিশুদের মাসের পর মাস সেনা ব্যারাকের মতো স্থানে আটকে রাখার কোনো অজুহাত থাকতে পারে না।”

তিনি জানান, “শান্তিচুক্তির আওতায় অবিলম্বে এ শিশুদের মুক্তি দিয়ে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়াসহ স্কুলে যাওয়ার এবং নিজেদের পরিবারের সঙ্গে থাকার সুযোগ দেওয়া উচিত।”

শিশুসেনা থাকার বিষয়ে তদন্তসহ নথিবদ্ধ গেরিলাদের র‌্যাংক এবং অন্যান্য বিষয়ে মাওবাদীদের শিবিরগুলোতে জাতিসংঘের একটি পর্যালোচনা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল গত সপ্তাহ থেকে। কিন্তু মাওবাদীদের আপত্তির কারণে তা শুরু করা যায়নি।

অভিযোগ রয়েছে যে, সরকারের সঙ্গে শান্তিচুক্তির পরও মাওবাদী গেরিলা দলে নতুন করে অনেক তরুণ-তরুণীকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এদিকে, মাওবাদীরা সংস্কার কর্মসূচি বা অন্যান্য কার্যক্রম চালানোর আগে শিবিরগুলোর অবস্থার উন্নতির জন্য সরকারের কাছে আরও বেশী অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে। অনেক শিবিরেই পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ নেই বলে অভিযোগ রয়েছে।