বৈশ্বিক উষ্ণায়নের কারণে দেশের বিভিন্ন স্থানে খরা ও বন্যা বাড়বে: ভারত
বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভারতের কিছু এলাকায় খরা ও বন্যা বাড়বে এবং কিছু এলাকায় কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বনাঞ্চল ও উপকূলীয় এলাকা হুমকিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন দেশটির পরিবেশ ও বনমন্ত্রী নামো নারায়েন মীনা।
সোমবার তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের যে ভবিষদ্বাণী করা হয়েছে তা থেকে ২১ শতকেই বৃষ্টিপাত ও তাপমাত্রা বৃদ্ধি এবং এর পরিমাণে তারতম্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
“প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন স্থানে হয়তো খরার এবং বন্যার ভয়াবহতা বৃদ্ধি পাবে।”
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে একটি হবে ভারতীয় উপমহাদেশ। এর ফলে এ অঞ্চলে আরও বেশি পরিমাণে ও ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে। পাশাপাশি ম্যালেরিয়ার মতো রোগ ও দুর্ভিক্ষের প্রকোপ বাড়বে।
বিশ্বের মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর মধ্যে ভারত একটি। এক্ষেত্রে দেশটির অবদান তিন শতাংশ। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জাপান।
শিল্পোন্নত দেশ ও পরিবেশবাদী সংগঠনগুলোর চাপ সত্ত্বেও ভারত কিয়েতো চুক্তি অনুযায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বাধ্য নয়। এ মুহূর্তে দেশটিতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের হার প্রতি বছর দুই থেকে তিন শতাংশ হারে বাড়ছে।
এক্ষেত্রে নয়াদিল্লির বক্তব্য হলো, দারিদ্র মোকাবেলায় তাদের আরও বেশি পরিমাণে জ্বালানি ব্যবহার করা প্রয়োজন এবং তাদের এ সমস্যার কথা জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারী ধনী দেশগুলোকে বুঝতে হবে।
মীনা আশা প্রকাশ করে বলেন, নদী সংরক্ষণ, বনায়ন ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির প্রচলন ও জ্বালানি দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রচলিত আইন ও নীতিমালা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে।
