পাকিস্তানে আততায়ীর গুলিতে পিপিপি নেতা নিহত
সাবেক পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ঊর্ধ্বতন প্রাদেশিক নেতা কামার আব্বাস বন্দুকদারীদের গুলিতে নিহত হয়েছেন। সঙ্গে নিহত হয়েছেন তার ভাগ্নেও।
সোমবার পাকিস্তানের পুলিশ একথা জানিয়েছে। এ বছরের শেষে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে পাকিস্তানে এ ধরনের ঘটনা সম্ভাব্য সহিংসতারই ইঙ্গিত।
প্রয়াত কামার আব্বাস পিপিপি’র উর্ধ্বতন প্রাদেশিক নেতা ছাড়াও সাবেক প্রাদেশিক মন্ত্রী ছিলেন। রোববার রাতে পেশোয়ারে এক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।
পুলিশ অফিসার ফারাজ খান জানিয়েছেন, আব্বাস মটরসাইকেলে তার ভাগ্নেকে নিয়ে জনমানবহীন একটি এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা তাদের প্রকাশ্যে গুলি করে হত্যা করে। সম্ভবত তারা গাড়িতে করে আব্বাস ও তার ভাগ্নের পিছু নিয়েছিল।
ফারাজ আরও জানান, রাজনৈতিক পুর্বশত্রুতার জেরেই তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নিহতের পরিবার। প্রতিপক্ষ রাজনৈতিক পরিবারের কোন সদস্য এ ঘটনার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। ওই পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে ‘আওয়ামী ন্যাশনাল পার্টি’র দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, আব্বাসের বিরুদ্ধে প্রতিপক্ষ রাজনৈতিক পরিবারের একজন সদস্যসহ ১৯৯৭ সালের নির্বাচনের সময় আরো দু’জনকে হত্যার অভিযোগ থাকলেও তিনি কখনোই দোষী প্রমাণিত হননি।
