কেনিয়া এয়ারওয়েজের বিধ্বস্ত বিমানটির খোঁজ মিলেছে
ক্যামেরুন থেকে নাইরোবিগামী কেনীয় এয়ারওয়েজের বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
ক্যামেরুনের দুয়ালা বিমানবন্দরের মাত্র ২০ কিলোমিটার দূরের একটি দুর্গম গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। তবে ১১৪ জন আরোহীর কেউ জীবিত আছেন কি না সে সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয় বলে রোববার জানান কর্তৃপক্ষ। একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে এবং হেলিকপ্টারে করে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বিশ দেশের যাত্রীসহ মোট ১১৪ আরোহী ছিলেন কেনিয়া এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিতে।
ক্যামেরুনের আঞ্চলিক প্রশাসন বিষয়ক মন্ত্রী হামিদোও আয়া মারাফা এক সংবাদ সম্মেলনে রোববার বলেছেন, “এ মুহূর্তে আমি যা বলতে পারি তা হলো, দুয়ালা উপজেলার একটি ছোট গ্রাম মাবাঙ্গা পোঙ্গোতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।”
“সেখানে কেউ বেঁচে আছেন কিনা তা এখনই বলা সম্ভব নয়। জায়গাটি খুবই দুর্গম।”
“কষ্টকর একটি অধ্যায়ের জন্য এখন প্রস্তুতি নিতে হবে আমাদের।”
ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার দুরূহ হতে পারে বলে ধারণা করছেন তিনি।
এক বিমান কর্মকর্তা জানিয়েছেন, স্থলপথে একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং হেলিকপ্টারে করে সেখানে যাওয়ার চেষ্টা করছেন অন্য উদ্ধারকারীরা।
দুয়ালা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিরক্ষীয় বৃষ্টিপাতের মধ্যে মাত্র ২০ কিলোমিটার দূরের একটি দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। শনিবার বিমানটি নিখোঁজ হওয়ার পর রাডারসহ হেলিকপ্টার তল্লাশি দল এবং অন্যান্য উদ্ধারকারীরা যেসব এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন, দুর্ঘটনাস্থলটি সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
কেনিয়া এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক তিতুস নাইকুনি জানান, স্থানীয় জেলেরা কর্তৃপক্ষকে প্রথমে দুর্ঘটনাস্থলের খোঁজ জানান। তিনি বলেন, বিধ্বস্ত বিমানটি উঁচু গাছপালায় আচ্ছাদিত (ক্যানোপি) একটি জায়গায় থাকায় আকাশ থেকে তা উদ্ধারকারীদের চোখে পড়েনি।
ক্যামেরুনে বিধ্বস্ত বিমানটির উদ্ধার তৎপরতা চালাতে সহায়তা দিচ্ছে কেনিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।
