আফগান কারাগারে গুলিবিদ্ধ হয়ে ২ মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের কুখ্যাত পুল ই চরকি কারাগারে রোববার দুই মার্কিন সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও দুই মার্কিন সেনা। মার্কিন সামরিক মুখপাত্র জানান, আফগান সেনাবাহিনীর এক সদস্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে তালেবানরা এ হতাকাণ্ডের দায় স্বীকার করে দাবি করেছে যে আফগান সেনাবাহিনীতে মিশে যাওয়া এক তালেবান মুজাহিদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এ ঘটনায় মোট ৬ মার্কিন সেনা নিহত হয়েছে।
আফগানিস্তানে মার্কিন সেনা মুখপাত্র মেজর শেলডন স্মিথ জানান, একটি সামরিক যানে করে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় এক আফগান সেনা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই মার্কিন সেনা নিহত হয়। এসময় কারারক্ষী অন্য আফগান সেনারা ওই ঘাতক আফগান সেনাকে গুলি করে।
তিনি বলেন,“ সবকিছু দেখে মনে হচ্ছে, সে আফগান জাতীয় সেনাবাহিনীর একজন সেনা।”
নিহত দুই মার্কিন সেনা সামরিক বাহিনীর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে মার্কিন বাহিনী।
অন্যদিকে, তালেবান কমান্ডার মোল্লা হায়াতুল্লাহ খান অজ্ঞাত স্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে বলেন, “আমাদের এক মুজাহিদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমরা আরও হামলার পরিকল্পনা করছি।”
হায়াতুল্লাহ বলেছেন, “বিপুল সংখ্যক তালেবান মুজাহিদ আরও ভাল লক্ষ্যে আঘাত হানার জন্য মার্কিনিদের পুতুল আফগান সরকারের মধ্যে মিশে গিয়েছে।”
পুল ই চরকি কারাগারটিতে মার্কিনিদের হাতে আটক সন্দেহভাজন তালেবান জঙ্গি ও গুয়ানতানামো ফেরত তালেবান বন্দিদের আটক রাখা হয়েছে। কারাগারটির নিরাপত্তা বাড়ানো এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য আফগান সেনাদের প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছিল মার্কিন সেনারা।
১৯৭০ এর দশকে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনের সময় থেকে পুল ই চরকি কারাগারটি দুর্ধর্ষ বন্দিদের আটক রাখা আর নানা নাশকতার জন্য আলোচিত। ২০০১ সাল থেকে আফগানদের হাতে আটক তালেবান জঙ্গিরা কমপক্ষে দুইটি বড় কারা বিদ্রোহের ঘটনা ঘটায়।
কারাগারটিতে মার্কিন বন্দি জোনাথান ‘জ্যাক’ আইডেমাকে আটক রাখা হয়েছে। আফগানিস্তানে একটি ব্যক্তিগত কারাগার চালানো এবং ওসামা বিন লাদেনের খোঁজে যাকে তাকে ধরে আনা, আটকে রাখা এবং নির্যাতন চালানোর অভিযোগে ২০০৪ সালে তাকে এ কারাগারে বন্দি করা হয়।
