উ কোরিয়ার তহবিল স্থানান্তরে দ কোরীয় ব্যাংকের মধ্যস্থতার সম্ভাবনা
ম্যাকাওয়ের ব্যাংক থেকে উত্তর কোরিয়ার তহবিল স্থানান্তরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক।
উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক পত্রিকা সোমবার একথা জানিয়েছে।
এর আগে নিউইয়র্কের কোনো একটি ব্যাংকে একাউন্ট খোলার অনুমোদন দিয়ে সেখানে ম্যাকাওয়ের তহবিল স্থানান্তরের দাবি জানিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র সে সম্ভাবনা নাকচ করে দেয়।
চোসান আইবো পত্রিকাটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকটি ম্যাকাওয়ের ব্যাংকো ডেল্টা এশিয়া (বিডিএ) থেকে উত্তর কোরিয়ার আড়াই কোটি ডলারের তহবিল স্থানান্তরে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে।
নাম প্রকাশ না করা ওই উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানান, “সরকারের (দক্ষিণ কোরিয়ার) এ পরিকল্পনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং আমার মনে হয় বিডিএ তহবিল স্থানান্তরের জন্য দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক কাজ করলে এ নিয়ে আর কোনো আপত্তি তুলবে না তারা।”
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ম্যাকাওয়ে নিজেদের তহবিলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ পর্যন্ত পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। ফলে ১৩ ফেব্রুয়ারির ছয়জাতি চুক্তি অনুসারে ১৪ এপ্রিল সময়সীমার মধ্যে ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা বন্ধের প্রক্রিয়া শুরু করেনি দেশটি।
তহবিল স্থানান্তরের জটিলতা নিরসন হলে খুব শিগগিরই আবারও ছয়জাতি আলোচনা শুরু হতে পারে বলে এ সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো।
