নিকোলাস সারকোজি ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট
রক্ষণশীল নেতা নিকোলাস সারকোজি রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে তিনি সমাজতান্ত্রিক দলের প্রতিদ্বন্দ্বী সেগোলিন রয়েলকে সুস্পস্ট ভোটের ব্যাবধানে হারিয়েছেন। এর ফলে দেশটিতে রক্ষণশীল দলের ১২ বছরের শাসন দীর্ঘায়িত হলো।
নির্বাচিত হওয়ার এক ঘণ্টার মধ্যে সারকোজি পুরো জাতির প্রতিনিধিত্ব করার নিশ্চয়তা দেন এবং তার পরাজিত প্রতিপক্ষের প্রশংসা করেন।
নির্বাচিত হওয়ার পর উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যেসব ফরাসীরা আমাকে ভোট দেননি তাদের আমি বলতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতা, মতপার্থক্য সবকিছু ছাড়িয়ে আমার কাছে এক ফ্রান্সই সত্য।
প্রায় দুই তৃতীয়াংশ ব্যালট গণনার পর দেখা যায়, সার্কোজি পেয়েছেন ৫৩ দশমিক ৪ শতাংশ এবং রয়েল পেয়েছেন ৪৬ দশমিক ৬ শতাংশ ভোট। নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৮১ সালের পর এ পর্যন্ত সর্বোচ্চ।
রয়েলের অতি পরিচিত হাসি কিছুটা ম্লান হলেও সঙ্গে সঙ্গে তিনি পরাজয় মেনে নিয়েছেন। বলেছেন, আমি আশা করি নতুন প্রেসিডেন্ট ফ্রান্সের জনগণের জন্য তার দায়িত্বের সবটুকু সম্পন্ন করতে পারবেন।
