আলোচনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি থাকা চাই: যুক্তরাষ্ট্রের প্রতি ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি রোববার এক মন্তব্যে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে কথা বলা এবং ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তার করার আগ্রহ দুইই তার আছে।
কিন্তু তার আগে যথেষ্ট প্রস্তুতি নিয়েই তিনি রাইসের সঙ্গে আলোচনায় বসতে চান।
মোত্তাকির এই বক্তব্যে এটি স্পষ্ট যে, রাইসের সঙ্গে আলোচনায় বসার পথ প্রস্তুত করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কুটনীতিক যোগাযোগে অনাগ্রহী নয়। মিসরের ইরাক সম্মেলনে বৃহস্পতিবার এক ভোজসভায় মোত্তাকি ও রাইস পরষ্পর শুভেচ্ছা বিনিময় করলেও তাদের মধ্যে পরবর্তিতে কোনো আলাপ-অলোচনা হয়নি।
এ ব্যাপারে মোত্তাকি আল এরাবিয়া টেলিভিশনে বলেন, “আমরা কেবল আলোচনার খাতিরে আলোচনা করতে চাই না। দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার জন্য প্রস্তুতি দরকার। এটি কোনো মামুলি আলোচনা নয়। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই যে কোনো কাজ হওয়া উচিত আর আলোচনার জন্যও সবদিক খতিয়ে দেখে এবং পরিস্কার আলোচ্যসূচি নিয়ে তবেই বৈঠকে বসা উচিত।”
মিসরে আয়োজিত ইরাক সম্মেলনকে বহু বছর পর ইরাক-ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনার মঞ্চ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু এ সম্মেলনে রাইস ও মোত্তাকির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ছিলো না বলে জানান মার্কিন কর্মকর্তারা।
মোত্তাকি রোববার বলেন, পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে বৈঠকে বসলে তা ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতার দ্বার খুলে দেবে।
উল্লেখ্য, ইরাক পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাকে সহিংসতা উস্কে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে বরাবরই দোষারোপ করে আসছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।
