ইরাকে গাড়ীবোমা হামলায় নিহত ৩৫
বাগদাদের শিয়া জেলায় একটি ব্যস্ত মার্কেটে সোমবার গাড়ীবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। সুন্নি মুসলিম আল-কায়েদা জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বায়া জেলায় এই বিস্ফোরণে মার্কেটের কয়েকটি দোকান এবং গাড়ী বিধ্বস্ত হয়েছে। আহত ও নিহতদের কম্বলে ঢেকে পিক আপ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ইরাকে মার্কেটগুলোই ঘন ঘন গাড়ীবোমা হামলাকারীদের টার্গেট হচ্ছে।
প্রতিদিন একের পর এক বোমা হামলায় ক্ষুব্ধ এক ইরাকির বক্তব্য, “নীরিহ মানুষের ওপর এই বোমা হামলা কেন? সরকার কোথায়? নিরাপত্তা কোথায়? সরকার এসে পরিস্থিতি দেখুক।”
ইরাক ও মার্কিন বাহিনী তিনমাস আগে বাগদাদে নিরাপত্তা অভিযান শুরু করেছে। এতে করে ইরাকে দাঙ্গা পরিস্থিতি কিছুটা কমে এলেও বন্ধ করা যায়নি গাড়ীবোমা ও আত্মঘাতী হামলার ঘটনা।
বাগদাদের উত্তরে সামারার পুলিশ স্টেশনে দুটো গাড়ী বোমা হামলায় ৮ জন নিহত হয়েছে। পুলিশ ও সেনারা একথা জানিয়েছে। সালাউদ্দিন প্রদেশের ডেপুটি গভর্ণর আব্দুল জলিল নাজি বলেছেন, সামারার পুলিশ কমান্ডার নিহত হয়েছেন।
ইরাকে জঙ্গি হামলাগুলোর লক্ষ্য শিয়া পরিচালিত সরকার এবং ১ লাখ ১৫ হাজার মার্কিন সেনারা। সালাউদ্দিন প্রদেশ বিক্ষুব্ধ সুন্নি আরব অধুষ্যিত এলাকা।
সন্দেহভাজন আর-কায়েদা জঙ্গিরা ২০০৬ সালের ফ্রেব্রুয়ারিতে এ প্রদেশে একটি শিয়া মসজিদ উড়িয়ে দেয়। এ ঘটনা থেকে শুরু হওয়া দাঙ্গায় ইরাকে নিহত হয় হাজার হাজার মানুষ। ইরাক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
