বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৯
ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে একটি সেনা ঘাঁটির বাইরে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশের চাকরিপ্রার্থী নয় ব্যক্তি নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
ইরাকি সেনা সূত্র একথা জানিয়েছে। (সংশোধিত)
বাগদাদের ৩০ কিমি দূরে পশ্চিমে আবু গ্রেইব কারাগারের কাছে এই হামলার ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, হামলাকারী পুলিশের চাকরিপ্রার্থীদের দলে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলাটি আত্মঘাতী বলে আরেকটি সূত্র নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
হামলাকারীরা অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত ইরাকি সেনাবাহিনীর সদস্য এবং তাদের প্রশিক্ষণ ঘাঁটিগুলোয় হামলা চালাচ্ছে।
গত মাসে এক নারী আত্মঘাতী হামলাকারী বাগদাদের উত্তরে অবস্থিত মুকদাদিয়া শহরে বোমা হামলা চালিয়ে ১৭ পুলিশ সদস্যকে হত্যা করে।
মার্কিন ও ইরাকি যৌথবাহিনী ফেব্রুয়ারি থেকে নিরাপত্তা অভিযান জোরদার করার ফলে সাম্প্রদায়িক হত্যা হ্রাস পেলেও হামলাকারীরা বাগদাদের বাইরে হামলা জোরদার করেছে।
