ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ধর্মঘট পালিত
নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বিচ্ছিন্নতাবাদীরা শনিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ধর্মঘট পালন করেছে।
এ সময় কাশ্মিরের প্রধান সড়কগুলো ফাঁকা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ধর্মঘটের কারণে শনিবার শ্রীনগরের বিদ্যালয়, দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
ভারতীয় নিরাপত্তা রক্ষাবাহিনীর বিরুদ্ধে প্রায়ই কাশ্মিরে অবৈধ হত্যা, নির্যাতন এবং গুম করার অভিযোগ আনা হয়। তবে কর্তৃপক্ষ সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তারা জানায়, সব অভিযোগ তদন্ত করে দেখা হয় এবং কাউকে দোষী পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়।
দীর্ঘ ১৭ বছর পর গত মাসে ভারতীয় সেনাবাহিনী তাদের ঘাঁটি সরিয়ে নেওয়ায় ঐতিহাসাহিক হরি পর্বত দুর্গ দর্শণার্থীদের জন্য খুলে দেওয়ার পর সেখানে অবস্থিত দুই শতাব্দির পুরনো একটি মসজিদ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।
কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী এক নেতা সৈয়দ আলী শাহ জিলানী জানান, মসজিদের ক্ষতি সাধন ধর্মঘট আহ্বানের অন্যতম কারণ। তিনি বলেন, “মসজিদের ক্ষতি করা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আমরা জনগণকে পূর্ণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছি।”
গত সপ্তাহে মসজিদটির ক্ষতি সাধনের প্রতিবাদ জানাতে কয়েকশ মুসলিম বিক্ষোভ জানানোর সময় পুলিশ গুলি চালালে চার চিত্র সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
১৮০৮ সালে আফগান শাসকরা হরি পর্বত দুর্গ নির্মাণ করেন এবং ১৯৮৯ সালে দিল্লির কেন্দ্রিয় সরকার কাশ্মিরের শাসনভার গ্রহণ করলে ভারতীয় সেনাবাহিনী সেখানে তাদের ঘাঁটি স্থাপন করে।
