উত্তর কোরিয়া নিয়ে ছয়জাতি আলোচনা শিগগিরই আবারও শুরু হচ্ছে
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে।
ম্যাকাওয়ের ব্যাংকে উত্তর কোরিয়ার জব্দ করা অর্থ সংক্রান্ত জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্র উদ্যোগ নেওয়ায় এ সপ্তাহেই এ বৈঠক বসার সম্ভাবনা রয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর উদ্ধৃতি দিয়ে দেশটির কিয়োডো বার্তা সংস্থা শনিবার একথা জনিয়েছে।
মিশরের শারম আল-শেখে ইরাক নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শেষে জাপানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ সম্ভাবনার কথা জানিয়েছেন।
তারো আসো বলেছেন, “যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বিষয়টি সমাধানের বিষয়ে অত্যন্ত প্রত্যয়ী। এ সপ্তাহেই তা (ছয়জাতি আলোচনা) শুরু হলেও আমি আশ্চর্য হবো না।”
ছয়জাতি বৈঠকের ১৩ ফেব্রুয়ারির চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরুর কথা ছিল উত্তর কোরিয়ার। কিন্তু ম্যাকাওয়ের ব্যাংকে উত্তর কোরিয়ার আড়াই কোটি ডলারের তহবিল স্থানান্তর নিয়ে জটিলতার কারণে ওই প্রক্রিয়া শুরু করতে অস্বীকৃতি জানায় দেশটি।
পরে ম্যাকাও ব্যাংকের অর্থের ওপর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত আর কোনো আলোচনাতে বসার বিষয়েও তাদের আপত্তির কথা জানিয়ে দেয় উত্তর কোরিয়া।
ছয়জাতি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ক্রিস্টোফার হিল শুক্রবার টোকিওতে বলেছেন, “উত্তর কোরীয় প্রতিনিধিরা আমাদের বারবার বলেছেন যে তারা ১৩ ফেব্রুয়ারির চুক্তি বাস্তাবায়নে আগ্রহী।” বিষয়টি সুরাহায় আশা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের আরও ধৈর্য ধরতে হবে।”
দুই কোরিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অংশ গ্রহণে ছয়জাতি আলোচনার সর্বশেষ বৈঠক বসে বেইজিঙে।
